বেঙ্গালুরুতে জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ এবং ভারতীয় জ্ঞানব্যবস্থার সংযুক্তিকরণ নিয়ে আয়োজিত তিন দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, বিশ্বকল্যাণের স্বার্থে ভারতের সামগ্রিক সভ্যতাগত দর্শন বিশ্বের সামনে তুলে ধরা জরুরি। তাঁর দাবি, আধুনিক বিশ্বের বিভিন্ন ধারণা আংশিক সমাধান দিলেও মানবজীবনের সামগ্রিক চাহিদা পূরণে ভারতীয় জ্ঞানব্যবস্থাই পূর্ণতা দিতে পারে।
মোহন ভাগবত বলেন, ভারতের কাজ শুধু নিজের উন্নয়ন নয়, বরং বিশ্বের কাছে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া। তাঁর মতে, ভারতের অভিজ্ঞতা, বৈচিত্র্য এবং প্রাচীন জ্ঞানভাণ্ডার বর্তমান বিশ্বের নানা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
তিনি ভারতীয় দর্শনের ‘অনেকতা’ বা বহুত্ববাদের ধারণার ব্যাখ্যা করে বলেন, ভারতীয় চিন্তাধারা অন্য মতকে ভুল বলে বাতিল করে না। বরং বিভিন্ন অভিজ্ঞতা থেকে উঠে আসা মতামতকে সম্মান জানায় এবং ‘শাস্ত্রার্থ’-এর মাধ্যমে পারস্পরিক আলোচনার ওপর গুরুত্ব দেয়। তাঁর বক্তব্য, সত্য এত বিস্তৃত যে কোনও একটি দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়।
আরএসএস প্রধান ভারতীয় শিক্ষণ মণ্ডলের প্রশংসা করে বলেন, এই সংগঠন এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যা শুধু অর্থনৈতিক সাফল্য নয়, একজন মানুষের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সংগঠনটি রাজনৈতিকভাবে স্বাধীন এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পৃথক রেখেই পরিচালিত হয়।
অনুষ্ঠানে ভারতীয় শিক্ষণ মণ্ডলের নতুন ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। তিন দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৮০ জন শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল জাতীয় শিক্ষা নীতি ২০২০-র কার্যকর বাস্তবায়ন এবং আধুনিক শিক্ষায় ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের সংযুক্তি।
