September 17, 2026
রাজ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

সংবাদ কলকাতা: বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের বিশেষ বুলেটিনে হাওড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সকাল থেকে কলকাতা ও শহরতলির আকাশে ছিল চড়া রোদ। কিন্তু দুপুর গড়াতেই আচমকা আকাশ কালো হয়ে নামে বৃষ্টি। অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সল্টলেকের সেক্টর ফাইভে ইসিপিএস-এর সামনে জল জমে যাওয়ায় যান চলাচলেও সমস্যা দেখা দেয়। জল পেরিয়েই অনেককে রাস্তা পার হতে দেখা যায়।

কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।


উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

এদিকে দেশের পশ্চিমাংশে ধীরে ধীরে বর্ষাবিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা সৌরাষ্ট্র হয়ে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে থাকা নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গে ঢুকেছে। পরে দিঘার উপর দিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, তাইল্যান্ডের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শুক্রবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে পৌঁছোতে পারে। তার প্রভাবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছোতে পারে।

এর পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই সব আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ এখনও বজায় রয়েছে। ফলে পুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির দাপট দেখা যেতে পারে।

Related posts

Leave a Comment