সংবাদ কলকাতা: উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের পুরনো পরিকাঠামোর রক্ষণাবেক্ষণে এবার প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্টেশনের এসক্যালেটর, লিফট, বাতানুকূল ব্যবস্থা, বায়ু চলাচল এবং জল নিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির উপর এক জায়গা থেকে নজর রাখতেই এই নতুন ব্যবস্থা তৈরি করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় বিভিন্ন যন্ত্র ও পরিষেবায় সেন্সর বসানো হবে। কোনও যন্ত্রে অস্বাভাবিকতা দেখা দিলে সেই তথ্য দ্রুত কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। ফলে কর্মীদের গিয়ে ত্রুটি খুঁজে বার করার জন্য অপেক্ষা করতে হবে না। আগেভাগেই সমস্যার ইঙ্গিত পাওয়া গেলে দ্রুত মেরামতির ব্যবস্থা করা সম্ভব হবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে পাঁচটি করে স্টেশন নিয়ে এক একটি গুচ্ছ তৈরি করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি গুচ্ছের জন্য একটি নির্দিষ্ট স্টেশনকে কেন্দ্র করে নজরদারি ও পরিচালন ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে পুরনো পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ আরও সংগঠিত করা সম্ভব হবে।
বাতানুকূল ব্যবস্থার ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নির্দিষ্ট সীমার তুলনায় তাপমাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে সতর্কবার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। একই ভাবে বিভিন্ন যন্ত্রের কার্যক্ষমতার উপরও নিয়মিত নজর রাখা যাবে।
এর পাশাপাশি উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে ট্র্যাক, রেল এবং সংকেত ব্যবস্থার উন্নয়ন নিয়েও কাজের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যাত্রী পরিষেবার চাহিদা বাড়লে যাতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা না হয়, সে জন্য নতুন উপকেন্দ্র তৈরির পরিকল্পনাও করা হচ্ছে।
পুরনো পরিকাঠামোর সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে মেট্রো পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
