সংবাদ কলকাতা: কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) নির্মাণস্থলে পুর ইঞ্জিনিয়ারদের নজরদারি আরও কঠোর করতে ডিজিটাল লগ বুক ব্যবস্থাকে বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। গার্ডেনরিচ (Garden Reach) বহুতল বিপর্যয় এবং সাম্প্রতিক তারাতলা (Taratala) নির্মাণ দুর্ঘটনার পর এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ে ১৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর একাধিক পুর ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তৎকালীন পুর কমিশনার ধবল জৈনের নির্দেশে নির্মাণস্থলে ইঞ্জিনিয়ারদের পরিদর্শনের প্রতিটি তথ্য ডিজিটাল লগ বুকে নথিভুক্ত করার ব্যবস্থা চালু করা হয়।
নতুন নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে নিয়মিত নির্মাণস্থলে গিয়ে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ চলছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পরিদর্শনের সময় নির্মাণস্থলের ছবি তুলে তার সঙ্গে লিখিত পর্যবেক্ষণ জমা দিতে হবে। এই সমস্ত তথ্য ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষিত থাকবে, যাতে ঊর্ধ্বতন আধিকারিকরা যে কোনও সময় তা যাচাই করতে পারেন।
নকশার বাইরে কোনও নির্মাণকাজ ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে অবিলম্বে নোটিশ দিতে হবে। প্রয়োজন হলে নির্মাণকাজ বন্ধের নির্দেশও দিতে হবে। সেই নির্দেশ অমান্য করে কাজ চললে কলকাতা পুর আইনের বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
তারাতলার নির্মাণ বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সেখানে এই নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না। যদি নিয়ম মেনে পরিদর্শন হয়ে থাকে, তা হলে বিপর্যয় ঠেকানো গেল না কেন, আর নিয়ম লঙ্ঘিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
কলকাতা পুরসভার নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে অননুমোদিত নির্মাণ শনাক্ত করতে ব্যর্থ হলে কলকাতা পুর আইন, ১৯৮০-এর ২১(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে।
