November 10, 2026
খেলা

মহিলাদের ক্রিকেটে নিষেধাজ্ঞা

সংবাদ কলকাতা: তালিবান সরকারের আমলে আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট খেলার অধিকার না থাকায় এবার কঠোর অবস্থান নিল স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ়ে অংশ নেবে না তারা। একই সঙ্গে আফগান ক্রিকেট দলকে নিজেদের দেশে প্রস্তুতি শিবির করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে স্কটল্যান্ড। এমনকি আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটল্যান্ডের কোনও ক্রিকেটারকে খেলার অনুমতিও দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিযোগিতা কিংবা ত্রিদেশীয় সিরিজ়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই তাদের।

স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান সরকার যত দিন না মহিলাদের ক্রিকেট খেলার অধিকার ফিরিয়ে দিচ্ছে এবং মহিলাদের প্রতি তাদের অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, তত দিন এই বয়কট জারি থাকবে। বোর্ডের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে না স্কটল্যান্ড। তবে আইসিসির প্রতিযোগিতায় আফগানিস্তানের মুখোমুখি হতে তাদের আপত্তি নেই। কারণ, এ ধরনের প্রতিযোগিতা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের একক নিয়ন্ত্রণে থাকে না।

আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর থেকেই মহিলাদের খেলাধুলোর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্রিকেট থেকেও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সে দেশের মহিলা ক্রিকেটারেরা। পরিস্থিতির কারণে অনেকেই দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে উদ্বাস্তু মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি দল গঠনের অনুমতি চেয়েছেন, যাতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ বজায় থাকে।

স্কটল্যান্ডের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি অনুরোধ। গত জুলাই মাসে রশিদ খানদের বোর্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের আগে স্কটল্যান্ডে প্রস্তুতি শিবির করার অনুমতি চেয়েছিল। সেই আবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের প্রতি তালিবান সরকারের নীতির প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে একই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় না খেলার অবস্থান জানিয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হল স্কটল্যান্ড। ফলে আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের অধিকার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে চাপ আরও বাড়ল।

স্কটল্যান্ডের এই সিদ্ধান্তে একটি বিষয় স্পষ্ট, আইসিসির নিয়মের মধ্যে থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চায় তারা। মহিলাদের ক্রিকেটে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অবস্থান বদলানোর কোনও ইঙ্গিতও দেয়নি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

Related posts

Leave a Comment