মাত্র কয়েক মিনিটের ঝড়-বৃষ্টিতেই কার্যত লন্ডভন্ড হয়ে গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। শুক্রবার দুপুরে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারপর শুরু হয় প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টি। তার জেরেই শহরের একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। প্রভাব পড়ে রেল ও মেট্রো পরিষেবাতেও।
কলকাতার রেড রোড, সল্টলেক-সহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ রাস্তায় ভেঙে পড়ে। ফলে বহু জায়গায় যানজট তৈরি হয়। বাস, অটো চলাচল ব্যাহত হয়। কোথাও আবার ইন্টারনেট ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিষেবাও বিঘ্নিত হয়।
ঝড়ের প্রভাব পড়ে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক শাখাতেও। লাইনের উপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে মধ্যমগ্রাম শাখায় যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। বিভিন্ন স্টেশনে আটকে পড়েন বহু নিত্যযাত্রী।
মেট্রো পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। কবি সুভাষ ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মাঝখানে লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচল থেমে যায়। শহিদ ক্ষুদিরাম স্টেশনের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনের ভিতরে জল ঢুকতে শুরু করে। পরে দ্রুত গাছ সরানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতর আগেই একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছিল। দুপুরের পর থেকেই কলকাতা, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। অল্প সময়ের ঝড় হলেও তার প্রভাব ছিল ব্যাপক। এখনও বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
