ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। শনিবার গুজরাটের ভুজে সীমান্ত ও উপকূলবর্তী জেলার নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে তিনি সীমান্তবর্তী ০ থেকে ১৫ কিলোমিটার এলাকায় সমস্ত বেআইনি দখলদারি উচ্ছেদের নির্দেশ দেন। পাশাপাশি সীমান্ত অঞ্চলে উগ্রপন্থার সম্ভাব্য কেন্দ্রগুলির উপর কড়া নজরদারিরও নির্দেশ দেন তিনি।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক পাচার, ড্রোনের মাধ্যমে বেআইনি কার্যকলাপ এবং আর্থিক অপরাধ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অমিত শাহ বলেন, সীমান্তে শক্তিশালী বেড়া, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা এবং রাজ্য সরকারের সক্রিয় ভূমিকার ফলে গুজরাটে অনুপ্রবেশ ও চোরাচালান কার্যত বন্ধ হয়েছে।
তিনি জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে জনসংখ্যার গঠনে পরিবর্তন একটি বড় উদ্বেগের বিষয়। তাই জেলা প্রশাসনকে এই ধরনের পরিবর্তনের উপর নিয়মিত নজরদারি ও রিপোর্টিং করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইতিমধ্যেই বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর ক্ষেত্রেও প্রশাসনের সক্রিয় ভূমিকার উপর জোর দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি সীমান্ত জেলায় বিএসএফ, কোস্ট গার্ড, আয়কর দফতর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং ব্যাঙ্ক প্রতিনিধিদের নিয়ে বিশেষ সিকিউরিটি কো-অর্ডিনেশন গ্রুপ গঠন করা হবে। হাওলা লেনদেন, ভুয়ো সংস্থা, সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্ট এবং আর্থিক অপরাধের উপর কঠোর নজরদারির নির্দেশও দেন তিনি।
উপকূলবর্তী এলাকাগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শাহ। আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার নিকটবর্তী হওয়ায় ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
