ঘাটালে তৃণমূলের পার্টি অফিস থেকে স্কুল ড্রেস, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে কন্ডোম উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে। এবার এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের ভিতর থেকে উদ্ধার হল সরকারি ত্রিপল, ত্রাণ সামগ্রী, মদের বোতল এবং তৃণমূলের দলীয় পতাকা। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের তৎপরতায় স্কুলের ল্যাবরেটরির একটি বন্ধ ঘর থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল, ধানের বস্তা ও অন্যান্য ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধার হয় প্রচুর মদের বোতল। একই জায়গা থেকে মেলে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় পতাকাও।
স্কুল চত্বরে কীভাবে এই সমস্ত জিনিস এল, তা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুলের ভিতরে মদের বোতল মেলায় ক্ষোভ আরও বেড়েছে। অনেকের অভিযোগ, স্কুলের ভিতরে সমাজবিরোধীদের অবাধ যাতায়াত ছিল।
এলাকার বাসিন্দাদের একাংশ সরাসরি অভিযোগ তুলেছেন এগরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ওই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতির বিরুদ্ধে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলকে কার্যত তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত ত্রিপল, ধানের বস্তা, মদের বোতল এবং দলীয় পতাকা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এগরা ২ ব্লকে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীও। রাজনৈতিক মহলের মতে, স্কুল প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী ও মদের বোতল উদ্ধারের ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
