29 C
Kolkata
October 24, 2026
রাজ্য

কলকাতা বিমানবন্দরে পর পর দু’দিন বোমাতঙ্ক

সংবাদ কলকাতা: শুক্রবারের পর শনিবারও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়াল। এ বার ফুকেত থেকে আসা ইন্ডিগোর একটি বিমানের শৌচালয়ের আয়নায় ইংরেজিতে লেখা হুমকি-বার্তা ঘিরে আতঙ্ক ছড়ায়। সেখানে লেখা ছিল, ‘বম্ব ইনসাইড এয়ারক্র্যাফ্‌ট’। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, আতঙ্ক সৃষ্টি করতেই কেউ ওই বার্তা লিখে থাকতে পারেন। পর পর দু’দিন একই ধরনের ঘটনার পিছনে কোনও সংগঠিত চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দুপুর ৩টের কিছু পরে ফুকেত থেকে কলকাতায় পৌঁছয় ইন্ডিগোর বিমানটি। যাত্রীরা নেমে যাওয়ার পর নিয়মমাফিক কেবিন পরিষ্কারের কাজ শুরু করেন বিমানকর্মীরা। সেই সময় বিমানের শৌচালয় পরিষ্কার করতে গিয়ে আয়নায় লেখা হুমকি-বার্তাটি তাঁদের নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই বিমানবন্দর চত্বরে তৎপরতা শুরু হয়।

নিরাপত্তার স্বার্থে বিমানটিকে নির্দিষ্ট আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বিমানবন্দরে কর্তব্যরত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে। এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা বিমানে তল্লাশি শুরু করেন। বিমানের বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হলেও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।



হুমকি-বার্তাটি কে লিখেছেন, তা জানতে তদন্তকারীরা যাত্রীদের তালিকা খতিয়ে দেখছেন। পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। বিমানের শৌচালয়ের আয়নায় বার্তা লেখার সুযোগ কারা পেয়েছিলেন এবং কী ভাবে ঘটনাটি ঘটল, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবারও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল। সে দিন বিমানবন্দরের মহিলাদের শৌচালয়ে একটি হুমকি-চিরকুট পাওয়া যায়। তাতেও বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়েছিল। পরে সেই হুমকির কোনও সত্যতা মেলেনি।

পর পর দু’দিন শৌচালয় থেকে বোমা রাখার হুমকি পাওয়ায় তদন্তকারীদের নজরে এসেছে ঘটনার মিল। একই ব্যক্তি, নাকি এর পিছনে একাধিক ব্যক্তি বা কোনও সংগঠিত চক্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতে ভুয়ো বোমা-হুমকির ঘটনা ঘটেছে। তবে কলকাতা বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে সেই সব ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের ভুয়ো হুমকি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যাত্রীদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। তদন্তকারীরা হুমকি-বার্তার উৎস শনাক্ত করার চেষ্টা করছেন। পর পর দু’দিনের ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Related posts

Leave a Comment