November 15, 2026
রাজ্য

ব্যারাকপুরে ফের ‘গো ব্যাক’ স্লোগান কৌস্তুভকে

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— নিজের বিধানসভা কেন্দ্র ব্যারাকপুরে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। শনিবার ছটপুজোর শাড়ি বিলি করতে গিয়ে তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীদের একাংশ। শুধু স্লোগান নয়, বিক্ষোভকারীদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিধায়ক। তাঁদের অভিযোগ, বিজেপি নেতা মণীশ শুক্লের খুনে অভিযুক্তদের সঙ্গে নিয়ে শাড়ি বিলি করতে বেরিয়েছেন কৌস্তুভ।

ঘোষপাড়া রোডে শনিবার সকালে ছটপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক। সেখানে তাঁকে দেখেই একদল বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের একাংশ তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবিও জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কৌস্তুভ।

বিধায়কের দাবি, এলাকায় গ্যাসের বেআইনি কারবার এবং সাট্টার ঠেক বন্ধ করে দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ। তাঁর অভিযোগ, মণীশ শুক্লের খুনে অভিযুক্ত পবন রায় ওই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। সঞ্জয় যাদবও তাঁকে মদত দিতেন বলে দাবি কৌস্তুভের। বিধায়কের বক্তব্য, বেআইনি কাজকর্ম বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট মহল ক্ষুব্ধ হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতেও এলাকায় কোনও বেআইনি কারবার চলতে দেবেন না। বিক্ষোভকারীদের প্রাক্তন তৃণমূল কর্মী বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, দলের নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।



এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। এর আগে মণীশ শুক্লের খুনে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহের ছবি প্রকাশ্যে আসার পর ক্ষোভ জানিয়েছিলেন কৌস্তুভ নিজেই। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। এবার সেই কৌস্তুভের বিরুদ্ধেই মণীশ খুনে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘোরার অভিযোগ তুললেন বিজেপি কর্মীদের একাংশ।

স্থানীয়দের একাংশের ধারণা, এই বিক্ষোভের পিছনে অর্জুন সিংহের অনুগামীদের ভূমিকা থাকতে পারে। যদিও এই অভিযোগের কোনও স্বাধীন সত্যতা সামনে আসেনি।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নীলগঞ্জের কৃষি ও পাট গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন কৌস্তুভ। সেদিন তাঁর গাড়ি ওই কেন্দ্রে পৌঁছোতেই একদল বিজেপি কর্মী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গাড়ি বেরিয়ে যাওয়ার সময় ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। দীর্ঘক্ষণ চলে অবস্থান বিক্ষোভ।

সেই সময় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, মণীশ শুক্লের খুনের ঘটনাকে কেন্দ্র করে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছেন কৌস্তুভ। তার প্রতিবাদেই তাঁরা পথে নেমেছিলেন। এবার ব্যারাকপুরে ফের একই ধরনের বিক্ষোভের ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ বিরোধ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment