June 26, 2026
রাজ্য

জগাছায় জলমগ্ন এলাকা ঘুরে দ্রুত সমাধানের আশ্বাস রুদ্রনীলের

হাওড়া, ২৬ জুন: টানা বৃষ্টিতে হাওড়ার জগাছার বিস্তীর্ণ এলাকা ফের জলমগ্ন হয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ জলমগ্ন সাতাশি চ্যাংড়াজলা এলাকা পরিদর্শন করেন। নোংরা জলে নেমেই তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত নিকাশি সমস্যার সমাধানের আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবারের বৃষ্টির পর পয়ঃপ্রণালীর নোংরা জল রাস্তায় উপচে পড়েছে। বহু এলাকায় হাঁটুসমান জল জমে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। শুধু রাস্তাই নয়, নোংরা জল ঢুকে পড়েছে একাধিক বাড়িতেও। স্কুলপড়ুয়া থেকে কর্মজীবী— সকলকেই সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। অভিযোগ, প্রায় ৫০০ পরিবার জলবন্দি অবস্থায় রয়েছে।

রুদ্রনীলের সঙ্গে এদিন এলাকায় উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা। বাসিন্দারা জানান, এলাকা নিচু হওয়ায় প্রায় প্রতি বর্ষাতেই একই পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘদিন ধরে পুরসভাকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। নোংরা জল জমে থাকায় বিভিন্ন রোগের প্রকোপও বাড়ে বলে অভিযোগ করেন তাঁরা।

অভিযোগ শুনে রুদ্রনীল ঘোষ বলেন, অতীতের পুরবোর্ড নিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত জমা জল নামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment