কলকাতা: বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। গড়িয়ার (Garia) কামডহরিতে (Kamdahari) বহু বিতর্কিত ক্লক টাওয়ার (Clock Tower) ভেঙে ফেলা হল বৃহস্পতিবার। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) উদ্বোধন করেছিলেন এই নির্মাণ। আদালতের নির্দেশের পর অবশেষে হাইড্রা ক্রেন নামিয়ে তা গুঁড়িয়ে দিল প্রশাসন।
তিলজলার অগ্নিকাণ্ডের পর থেকেই রাজ্যে বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের কড়া অবস্থান সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়েছিলেন, নিয়ম ভাঙলে আর কোনও রকম রেয়াত করা হবে না। সেই আবহেই বৃহস্পতিবার সকাল থেকে কামডহরি এলাকায় শুরু হয় ব্যাপক তৎপরতা।
কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিল একাধিক হাইড্রা। ১১১ নম্বর ওয়ার্ডের বিতর্কিত ক্লক টাওয়ার ঘিরে আগেই উত্তেজনা তৈরি হয়েছিল। পরে প্রশাসনের উপস্থিতিতেই শুরু হয় ভাঙার কাজ।
স্থানীয়দের অভিযোগ, ক্লাবের মাঠ লাগোয়া জমিতে বেআইনিভাবে এই নির্মাণ করা হয়েছিল। ২০২৩ সালের ২৪ মে অরূপ বিশ্বাস ওই ক্লক টাওয়ারের উদ্বোধন করেন। এরপর থেকেই জমির মালিকানা নিয়ে আইনি লড়াই শুরু হয়।
স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ক্লাব কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর আদালত ক্লাবের পক্ষেই রায় দেয় এবং নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। যদিও অভিযোগ ওঠে, আগে সেই নির্দেশ কার্যকর করতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে।
পরবর্তীতে পুর কমিশনার স্মিতা পাণ্ডে (Smita Pandey) আদালতের নির্দেশ কার্যকর করার নির্দেশ দেন। সেইমতো বৃহস্পতিবার পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই নির্মাণের বিরোধিতা করে আসছিলেন। অবশেষে বেআইনি নির্মাণ সরানোয় তাঁরা খুশি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভাঙার ঘটনা প্রশাসনের তরফে বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগামী দিনে আরও কঠোর অভিযান চালানো হতে পারে বলেও মনে করা হচ্ছে।
