সংবাদ কলকাতা— তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় সার্বিক অন্তর্বর্তী সুরক্ষার আবেদন আপাতত মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ বা সব মামলায় একযোগে রক্ষাকবচ দেওয়ার আবেদন খারিজ করে দেয়। তবে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত সংশ্লিষ্ট মামলাগুলিতে তদন্তে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হলে সেই বিষয়ে আদালতকে জানাতে হবে।
নানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, কয়েকটি মামলায় যখন ইতিমধ্যেই অন্তর্বর্তী সুরক্ষা রয়েছে, তখন সব মামলার জন্য নতুন করে সার্বিক রক্ষাকবচ চাওয়ার প্রয়োজন কেন। এর জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, বিভিন্ন জেলায় দায়ের হওয়া প্রায় ১০ থেকে ১১টি মামলার ক্ষেত্রে একযোগে আইনি সুরক্ষার আবেদন জানানো হয়েছে।
আইনজীবী কপিল সিব্বল শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মামলার প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, অতীতে একাধিক মামলায় আদালত নির্দিষ্ট ধরনের সুরক্ষা দিয়েছিল। একই ধরনের আইনি সুরক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তিনি যুক্তি দেন।
তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, দুটি মামলার পরিস্থিতি এক নয়। প্রতিটি মামলার অভিযোগ, তথ্যপ্রমাণ এবং আইনি অবস্থান আলাদা। তাই সব মামলার ক্ষেত্রে একসঙ্গে সার্বিক রক্ষাকবচ দেওয়া এই পর্যায়ে সম্ভব নয়।
রাজ্যের পক্ষে আইনজীবী এস ভি রাজু আদালতে জানান, প্রতিটি মামলার আইনি ভিত্তি এবং অভিযোগ পৃথক। ফলে একটি নির্দেশে সব মামলার ক্ষেত্রে সুরক্ষা দেওয়া আইনসম্মত হবে না। সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দিয়ে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৩০ জুলাই।
