দেশ জুড়ে ‘অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন’-এর প্রভাব খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সমাজমাধ্যমে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহ জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকরের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনগণনা কমিশনার ও প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সমাজমাধ্যমে শাহ লেখেন, “জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের সংরক্ষণের সঙ্গে যুক্ত।”
গত কয়েক বছর ধরেই সীমান্তবর্তী রাজ্যগুলিতে, বিশেষত বাংলাদেশ সংলগ্ন পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়, অবৈধ অনুপ্রবেশের কারণে জনসংখ্যার চরিত্র বদলের অভিযোগ তুলে আসছে বিজেপি নেতৃত্ব। অমিত শাহ একাধিক সভা ও রাজনৈতিক কর্মসূচিতে দাবি করেছেন, এর পিছনে ‘নির্দিষ্ট ছক’ কাজ করছে।
নতুন কমিটির দায়িত্ব প্রসঙ্গে শাহ জানান, এই কমিটি অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে দেশে জনবিন্যাসের পরিবর্তনের বিস্তারিত মূল্যায়ন করবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তনের ধরণ বিশ্লেষণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন্দ্রকে সুপারিশও জানাবে।
কেন্দ্রের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।
