ঘাটাল—বৈশাখ মাসে যেখানে তীব্র গরমে নাজেহাল হওয়ার কথা, সেখানে টানা ঝড়-বৃষ্টিতে কার্যত বর্ষাকালের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। অতিবৃষ্টির জেরে বিঘের পর বিঘে ধানের জমিতে জল জমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক জায়গায় জমিতে পচন ধরেছে ধানে। পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ পর্যন্ত নৌকা নামিয়ে জমি থেকে জল ছেঁকে ধান তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা।
কৃষকদের অভিযোগ, শুধু আবহাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের অধীনে একাধিক খাল সংস্কার ও খননের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকায় জমি থেকে জল বেরোনোর পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে টানা বৃষ্টির জল জমিতে আটকে থেকে ফসলের ব্যাপক ক্ষতি করছে।
এপ্রিলের মাঝামাঝি থেকে গরম পড়তে শুরু করলেও এ বছর বৈশাখের শুরু থেকেই কালবৈশাখী ও বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। মে মাসের শুরু থেকে ঘনঘন ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কমে গেলেও কৃষিজমিতে জল জমে নতুন সমস্যা তৈরি হয়েছে। চাষিদের দাবি, গ্রীষ্মকালীন চাষে ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক আলুর জমিও জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছে।
স্থানীয় কৃষকদের বক্তব্য, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
