32 C
Kolkata
June 1, 2026
কলকাতা

রাজ্যে চালু মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, সরকারি বাসে আজ থেকেই ‘জিরো ভ্যালু টিকিট’

কলকাতা — রাজ্যের সমস্ত মহিলা যাত্রীদের জন্য আজ থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত করে ১ জুন থেকে এই পরিষেবা কার্যকর করেছে পরিবহণ দপ্তর। এসি ও নন এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন মহিলারা।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করা যাবে। পরবর্তী সময়ে প্রত্যেক মহিলা যাত্রীর জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। সেই কার্ড দেখিয়েই বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাওয়া যাবে।

সরকারি বাসে ওঠার সময় পরিচয় যাচাইয়ের জন্য মহিলাদের যে কোনও বৈধ সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকায় রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পরিচয়পত্র, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের পরিচয়পত্র এবং স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র।

পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টররা মহিলাদের হাতে ‘জিরো ভ্যালু টিকিট’ তুলে দেবেন। এই টিকিটের মাধ্যমে যাত্রার হিসাব সংরক্ষণ করা হবে।

পরিবহণ দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে স্মার্ট কার্ডে নাম, ছবি এবং কিউআর কোড থাকবে। এই কার্ড পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অথবা এসডিও দপ্তরে জমা দিতে হবে। তবে স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মই কার্যকর থাকবে।

সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিসযাত্রীদের চাপের পাশাপাশি মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার কারণে সরকারি বাসে অতিরিক্ত ভিড় হতে পারে বলে মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

দপ্তর সূত্রে খবর, প্রথম দিন এসি ও নন এসি মিলিয়ে প্রায় ৬০০টি সরকারি বাস রাস্তায় নামানো হয়েছে। গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এবং ব্যস্ত মোড়গুলিতে পরিবহণ দপ্তরের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে, যাতে যাত্রীদের মধ্যে কোনও বিভ্রান্তি বা বচসার পরিস্থিতি তৈরি না হয়।

মহিলাদের জন্য এই বিনামূল্যের বাস পরিষেবাকে ‘নারীশক্তির জয়’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি জানান, মহিলাদের আর্থিক সাশ্রয় এবং দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment