কলকাতা— তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা গার্ডেনরিচের তৃণমূল নেতা শাম্স ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ভয় দেখিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা আদায় করেছিলেন তিনি ও তাঁর ঘনিষ্ঠরা। ঘটনায় গার্ডেনরিচ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে পুলিশ।
অভিযোগকারী মহম্মদ শাদাব জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাস থেকে শাম্স ইকবাল এবং তাঁর সহযোগীরা তাঁর কাছ থেকে নিয়মিত টাকা দাবি করতে শুরু করেন। তাঁকে জানানো হয়, এলাকায় নির্বিঘ্নে ব্যবসা চালাতে হলে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে। অভিযোগ, মোট ৭০ লক্ষ টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, এরপরেও পিস্তল দেখিয়ে একাধিকবার টাকা আদায় করা হয়। দীর্ঘদিন ভয়ের কারণে থানায় অভিযোগ জানাতে পারেননি বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
এই অভিযোগের ভিত্তিতে শাম্স ইকবাল ছাড়াও মহম্মদ ফারাজ, ফেরোজ কুরেশী-সহ একাধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তোলাবাজি, ভয় দেখানো এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন কাউন্সিলরকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। তদন্তকারীরা অভিযোগে উল্লিখিত আর্থিক লেনদেন এবং অন্যান্য অভিযুক্তদের ভূমিকাও খতিয়ে দেখছেন।
