ডায়মন্ড হারবার, ১৬ জুন: বেআইনিভাবে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রির অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় দায়ের হওয়া অভিযোগে মোট ২৩ জনের নাম রয়েছে।
অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বিজেপি নেতার দাবি, ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছে এবং এতে ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।
অভিজিৎ দাসের অভিযোগ, ২০১৭ সাল থেকে এলাকায় মাটি কাটার কাজ শুরু হয় এবং ২০২২-২৩ সালে তা আরও বৃদ্ধি পায়। সে সময়ও অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কার্যকর তদন্ত করেনি বলে দাবি তাঁর। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে জমি থেকে ব্যাপক হারে মাটি সরানোর প্রমাণ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বিজেপি নেতার বক্তব্য, এই ধরনের কর্মকাণ্ডের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে ভূমিক্ষয়ের মতো গুরুতর সমস্যার মুখে পড়তে হতে পারে স্থানীয় বাসিন্দাদের।
উল্লেখ্য, এর আগেও আমফান পরবর্তী ত্রাণ বিতরণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিৎ দাস। ত্রাণের ত্রিপল বেআইনিভাবে মজুত করে রাখার অভিযোগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।
এফআইআরের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
