May 2, 2026
কলকাতা

ফলতায় অনিয়মের জেরে বড় সিদ্ধান্ত, সব বুথে ফের ভোট ২১ মে

সংবাদ কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র (Falta Assembly Constituency) নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দ্বিতীয় দফার ভোটে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে ভোটগ্রহণ হবে ২১ মে।

কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটে একাধিক বুথে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। মোট ২৮৫টি বুথে পুনর্ভোট (Re-poll) নেওয়া হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর ফলে ৪ মে ভোটগণনা (Counting) থেকে বাদ পড়বে ফলতা কেন্দ্র। নতুন ভোটের পর ২৪ মে ফল প্রকাশ করা হবে।

ভোটের দিন ইভিএম (EVM) নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, একাধিক বুথে নজরদারি ক্যামেরা (CCTV) বন্ধ হয়ে যায় এবং নেটওয়ার্ক সমস্যার কারণে তথ্য কন্ট্রোল রুমে পৌঁছয়নি। এমনকি কিছু বুথে ইভিএম মেশিন টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

সূত্রের খবর, দুপুরের আগে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে যায়। পরে টেপ সরানো হলেও ততক্ষণে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কমিশনের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক (Special Observer) এলাকায় গিয়ে রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ও মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) কেন্দ্রের ১৫টি বুথে পুনর্ভোট নেওয়া হয়েছিল। তবে ফলতায় অভিযোগের পরিমাণ বেশি হওয়ায় পুরো কেন্দ্রেই পুনর্ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment