দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের। চলন্ত গাড়িতে আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্মণগড় থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা মধ্যপ্রদেশের শেওপুর জেলার চেইনপুরা গ্রামের বাসিন্দা। তাঁরা বৈষ্ণোদেবী মন্দির দর্শন সেরে ভাড়া করা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১১টা নাগাদ মৌজপুর এলাকার কাছে পৌঁছতেই আচমকা গাড়িতে গ্যাস লিক হয় বলে সন্দেহ। তারপরই আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি আগুনে গ্রাস হয়ে যায়।
ঘটনার আকস্মিকতায় যাত্রীরা পালানোর কোনও সুযোগই পাননি। ভয়াবহ এই ঘটনায় তিনজন মহিলা, একজন পুরুষ এবং একটি কিশোরী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহগুলি প্রায় ছাই হয়ে যায়।
গাড়ির চালক কোনওক্রমে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে তিনিও গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও পরে তাঁকে জয়পুরের একটি বড় হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পাঁচ যাত্রীর মৃত্যু হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাড়িটি গ্যাস ও পেট্রল—দু’ধরনের জ্বালানিতে চলত এবং গ্যাস লিক থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
পুলিশ জানিয়েছে, আগুনের তীব্রতায় মৃতদেহগুলি চেনা কঠিন হয়ে পড়েছে। তাই পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
previous post
