July 1, 2026
রাজ্য

বাণিজ্যিক রান্নার গ্যাসে বড় স্বস্তি, কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম কমল ১৭৪ টাকা

কলকাতা— জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দিল তেল বিপণন সংস্থাগুলি। ১ জুলাই থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমিয়ে ৩,০৮১ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে কলকাতায় গৃহস্থালির সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।

গত কয়েক মাসে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়েছিল দেশের রান্নার গ্যাসের বাজারেও। গত ১ জুন কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছিল ৩,২৫৫ টাকা ৫০ পয়সা। এরপর ৭ জুন গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামও ৯৩৯ টাকা থেকে বেড়ে ৯৬৮ টাকায় পৌঁছায়। ফলে সাধারণ পরিবার থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ এবং ছোট ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।

জ্বালানি বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দাম বাড়ায় এলপিজির মূল্যও বৃদ্ধি পেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাণিজ্যিক এলপিজির দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে।

এই মূল্যহ্রাসের ফলে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সংস্থা এবং অন্যান্য ছোট ব্যবসার পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও গৃহস্থালির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন না হওয়ায় সাধারণ গ্রাহকদের অপেক্ষা আরও কিছুদিন বাড়ল।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে পরিবর্তন হবে কি না, তা নির্ভর করবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি এবং কেন্দ্রের মূল্য নির্ধারণ নীতির উপর।

Related posts

Leave a Comment