সংবাদ কলকাতা: জাহাঙ্গীরের বাড়ি ভাঙার কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহের শনি ও রবিবার কোনওভাবেই বাড়ি ভাঙা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। তত দিন পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।
শুনানিতে বাড়িটির মালিকানা এবং নোটিশ জারি করার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি। মামলাকারী বর্তমানে জেলে থাকলে কীভাবে তিনি জানতে পারলেন যে নির্দিষ্ট বাড়িটি জাহাঙ্গীরের, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি শুভ্রা ঘোষ। বাড়িটি কীভাবে চিহ্নিত করা হল, সেই বিষয়েও ব্যাখ্যা চান তিনি। পাশাপাশি বাড়ি ভাঙার আগে যথাযথ নোটিশ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে।
রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র জানান, দু’জন স্থানীয় ব্যক্তিকে দিয়ে বাড়িটি চিহ্নিত করা হয়েছিল। তার আগে সংশ্লিষ্ট পোস্টে নোটিশ পাঠানো হয়েছিল বলেও আদালতে জানান তিনি।

অন্যদিকে, মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, যে নোটিশ দেখানো হচ্ছে, তাতে কোনও স্বাক্ষর নেই। জাহাঙ্গীরের নামে যে ঠিকানার কথা বলা হচ্ছে, সেখানে তিনি বাস্তবে থাকতেন না বলেও দাবি করেন আইনজীবী। তাঁর আরও অভিযোগ, আগের দিনের শুনানির পর বাড়ি ভাঙার কাজে আরও বেশি সংখ্যক কর্মী মোতায়েন করা হয়। এমনকী, কাজের গতি দ্বিগুণ করে দ্রুত বাড়ি ভাঙার চেষ্টা হয়েছে বলেও আদালতে সওয়াল করেন তিনি।
এর জবাবে রাজ্যের তরফে জানানো হয়, নোটিশ সাঁটানো থেকে শুরু করে গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেই ভিডিও আদালতে জমা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের আরও বক্তব্য, জেলা পরিষদের তরফে জানানো হয়েছে, ওই বাড়ির কোনও অনুমোদিত নকশা বা স্যাংশন প্ল্যান ছিল না। বাড়ির মালিক জাহাঙ্গীর নোটিশের বিষয়টি আগে থেকেই জানতেন বলেও দাবি করেছে রাজ্য।
তবে নোটিশ জারি, বাড়ি চিহ্নিতকরণ এবং ভাঙার প্রক্রিয়া নিয়ে দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত ভিডিও রেকর্ডিং জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানি। তার আগে শনি ও রবিবার বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। ফলে আপাতত হাইকোর্টের নির্দেশে থমকে গেল জাহাঙ্গীরের বাড়ি ভাঙার প্রক্রিয়া।
