নিজস্ব সংবাদদাতা, হাওড়া— বেলুড় মঠে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই নজিরবিহীন ঘটনা। কনভয়ের নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন এলাকার জমি দখল, জালিয়াতি এবং দুর্নীতির একগুচ্ছ অভিযোগ সম্বলিত স্মারকলিপি। ঘটনাকে কেন্দ্র করে বেলুড় মঠ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মিলন মাইতি, যিনি সুবোধ বিশ্বাস নামেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে হাওড়ার লিলুয়ার চামরাইল রামকৃষ্ণ পল্লির বাসিন্দা। অভিযোগ, মুখ্যমন্ত্রীর কনভয়ের কড়া নিরাপত্তা এবং নির্দিষ্ট প্রটোকল উপেক্ষা করে আচমকাই কনভয়ের মাঝখানে ঢুকে পড়েন তিনি। এরপর মুখ্যমন্ত্রীর হাতে একটি অভিযোগপত্র তুলে দেন। ঘটনার পর অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ওই ব্যক্তি।
কী রয়েছে সেই স্মারকলিপিতে? অভিযোগপত্রে চামরাইল রামকৃষ্ণ পল্লির একাধিক জমি সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত মাঠ এবং সামাজিক কাজের উদ্দেশ্যে বরাদ্দ সরকারি জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চলছে। এমনকী, সরকারি জমির রেকর্ড পরিবর্তন, জেনেশুনে জমির দলিল তৈরি এবং পুকুর ভরাটের মতো অভিযোগও তোলা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় প্রভাবশালী নেত্রী উর্মিলা বাউড়ী এবং তাঁর স্বামী তপন বাউড়ীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন স্মারকলিপি প্রদানকারী। অভিযোগ, সরকারি জমির মালিকানা সংক্রান্ত নথিতে কারচুপি করে জমি দখলের চেষ্টা চলছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের কোনও বক্তব্য সামনে আসেনি। অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শুধু জমি দখল নয়, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, সাধারণ মানুষের আবাসন প্রকল্পের টাকা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।
এলাকার বাসিন্দা ও অভিযোগকারীদের দাবি, চামরাইল রামকৃষ্ণ পল্লির জমি সংক্রান্ত সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। সরকারি জমি এবং শিশুদের খেলার মাঠ দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে এ ভাবে স্মারকলিপি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জমি দখল, সরকারি নথিতে কারচুপি এবং প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন চামরাইলের বাসিন্দারা।
previous post
