পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবার কোনও জেলা পরিষদের দখল নিল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিজেপি নেতা বামদেব গুচাইত। এর ফলে রাজ্যে প্রথমবারের জন্য জেলা পরিষদ স্তরে ক্ষমতায় এল বিজেপি।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক পদত্যাগ করেন। পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক উত্তম বারিক পরে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর পদত্যাগের পর সহ-সভাপতি সুহাসিনী করও পদ ছাড়েন। ফলে জেলা পরিষদ কার্যত ভেঙে যায় এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে বামদেব গুচাইত সভাপতি এবং জয়দেব মিদ্যা সহ-সভাপতি নির্বাচিত হন। সভায় মোট ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০। এক সময় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৫৬টি আসন এবং বিজেপির দখলে ছিল ১৪টি আসন। পরে দুই সদস্যের মৃত্যু হওয়ায় সংখ্যার পরিবর্তন ঘটে।
এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কাঁথির বিজেপি সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে জেলা পরিষদ পর্যন্ত সর্বত্র বিজেপির প্রতিনিধিরা রয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে জেলার সামগ্রিক উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করা হবে।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পূর্ব মেদিনীপুর দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলা হিসেবে পরিচিত। সেই জেলার জেলা পরিষদে বিজেপির এই উত্থান আগামী দিনের রাজ্য রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
