কলকাতা: দেশের প্রথম ভাষাভিত্তিক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধন করতে এসে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলা পাঁচ দশক এগিয়ে থেকে ভারতকে নেতৃত্ব দিয়েছে।” পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও মাতৃভাষার গুরুত্ব নিয়েও বিশদ বক্তব্য রাখেন তিনি।
অমিত শাহ বলেন, “মানুষ ভাষাকে তৈরি করেনি, ভাষাই মানুষকে তৈরি করেছে। ভাষা ছাড়া কোনও দেশের সাংস্কৃতিক অভিব্যক্তি সম্ভব নয়। শব্দ ও ভাষা ছাড়া সংস্কৃতি অসম্পূর্ণ।” মাতৃভাষাকে কখনও ভুলে না যাওয়ারও বার্তা দেন তিনি।
বাংলার ঐতিহ্যের প্রসঙ্গ তুলে শাহ স্মরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাঁর কথায়, “বাংলা এমন এক ভূমি, যেখানে রবীন্দ্রনাথের জন্ম। ঋষি অরবিন্দকে না পড়ে ভারতকে বোঝা সম্ভব নয়। আজ বাংলা আবার সোনার বাংলা হয়েছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলার বর্তমান পরিস্থিতির উপর কেন্দ্রের নজর রয়েছে।
অনুষ্ঠানে অমিত শাহ আরও বলেন, ভাষা একটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বাহক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সাংস্কৃতিক পুনরুদ্ধারের যে উদ্যোগ চলছে, ‘শব্দলোক’ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাঁর কথায়, “ভারতীয় সংস্কৃতিতে সংকীর্ণতার কোনও জায়গা নেই। মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সংস্কৃতি সকলকে একসূত্রে বেঁধে রাখে।”
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি জানান, বাংলা ভাষার মর্যাদা ও প্রসারের বিষয়ে তাঁকে একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই চিঠির বিষয়ে তিনি মঙ্গলবার বিধানসভায় বিস্তারিত বলবেন।
ন্যাশনাল লাইব্রেরিতে উদ্বোধন হওয়া ‘শব্দলোক’-এ প্রাথমিক পর্যায়ে নয়টি গ্যালারি চালু হয়েছে। সেখানে ভারতের ২২টি স্বীকৃত ভাষার শব্দভাণ্ডার, ধ্বনির বিবর্তন, ভাষার ইতিহাস এবং শব্দের হাজার বছরের পরিবর্তনের ধারাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অডিও-ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে ও ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশনের মাধ্যমে ভাষার বিবর্তনের অনন্য অভিজ্ঞতা পাবেন দর্শকরা।
