29 C
Kolkata
September 30, 2026
রাজ্য

ঝাড়াইবাছাইয়ের পর ১.৩০ কোটির বেশি মহিলা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার সুবিধা: মুখ্যমন্ত্রী

কলকাতা— অন্নপূর্ণা যোজনার আওতায় ঝাড়াইবাছাইয়ের পর ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলাকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ১০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য মোট প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, কারণ আবেদনকারীরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। বর্তমানে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলাকে প্রকল্পের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের কাছেও শীঘ্রই অর্থ পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীর দাবি, আগের সরকারের প্রকল্পে প্রায় ২ কোটি উপভোক্তার তালিকা থাকলেও সমীক্ষায় দেখা যায়, প্রায় ২৭ লক্ষ নামের ক্ষেত্রে নানা অসঙ্গতি রয়েছে। তাঁর অভিযোগ, ওই তালিকায় মৃত ব্যক্তি, ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তি, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি এবং ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তির নামও ছিল। এছাড়াও প্রায় ১০ লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারি অর্থ শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের হাতেই পৌঁছানো সরকারের দায়িত্ব। সেই কারণেই কঠোর যাচাই-বাছাই করা হয়েছে। তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করা তথ্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে সংরক্ষিত হয়েছে। ফলে ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য প্রকল্পের সুবিধা পেতেও আলাদা করে আবেদন করতে হবে না।

তিনি জানান, সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে নাম নথিভুক্ত করা ৮ লক্ষ ১৫ হাজার আবেদনকারীও এই প্রকল্পের সুবিধা পাবেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্তও প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে সরকারি অর্থ শুধুমাত্র বৈধ ও যোগ্য উপভোক্তাদেরই দেওয়া হবে বলে পুনরায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment