24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

বাংলায় ৬৫০ কোটির বিনিয়োগের ভাবনা আমুলের, ডেয়ারি প্ল্যান্ট ঘিরে জোর চর্চা

পালাবদলের পর বাংলায় শিল্প আসবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে। এরই মধ্যে সামনে এল বড় খবর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করছে আমুল। রাজ্যে একটি বড় ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমুলের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে একাধিক পোস্ট ঘুরছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্প আনছে আমুল। তাঁর দাবি, এর ফলে কর্মসংস্থান তৈরি হবে এবং রাজ্যের দুগ্ধ পরিকাঠামো আরও শক্তিশালী হবে।

যদিও এই বিনিয়োগ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিজেপি সূত্রে দাবি, আমুল এই প্রথম পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা করছে।

রাজ্যে শিল্পায়নের প্রতিশ্রুতি আগেই দিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যেই দিন কয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে বাংলায় সম্ভাব্য শিল্পতালুক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।


বিজেপি ইতিমধ্যেই শিল্পের সম্ভাবনাময় পাঁচটি জায়গা চিহ্নিত করেছে। তালিকায় রয়েছে সিঙ্গুর, অশোকনগর, রানাঘাট, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। ওই এলাকাগুলিতে কী ধরনের শিল্প গড়ে তোলা যেতে পারে, তারও খসড়া তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের মতে, সরকারের নিজস্ব পরিকল্পনা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা চলছিল। সেই প্রক্রিয়ার ফল হিসেবেই হয়তো আমুলের মতো সংস্থা বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বড় শিল্প প্রকল্প গড়ে উঠলে তা অবশ্যই স্বাগত।

এখন দেখার, আমুলের এই সম্ভাব্য বিনিয়োগ নিয়ে রাজ্য সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে।

Related posts

Leave a Comment