24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

জনগণনা নিয়ে তৎপর রাজ্য সরকার, আজ উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

খুব শীঘ্রই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ। কয়েক দিন আগেই রাজ্যের স্বরাষ্ট্রদফতরের তরফে এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। তবে কবে থেকে কাজ শুরু হবে, কীভাবে তথ্য সংগ্রহ করা হবে কিংবা কোথায় তথ্য জমা দিতে হবে— সেই বিষয়ে এত দিন বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার জনগণনার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে তৎপর রাজ্য সরকার।

আজ, শুক্রবার নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে। ইতিমধ্যেই তাঁদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই বৈঠকে জনগণনার বিভিন্ন প্রক্রিয়া ও কার্যপদ্ধতি নিয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্রে খবর, জনগণনায় তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে একটি সুরক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপটির নাম এইচএলও (HLO)। এই অ্যাপের মাধ্যমেই তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।

এ ছাড়া সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হবে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। জনগণনা সংক্রান্ত যে কোনও তথ্য জানতে ১১৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

সরকারের নির্দিষ্ট ডিজিটাল পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নিজের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পরে তৈরি হবে একটি সেল্ফ-এনুমারেশন আইডি। পরে জনগণনার কাজে যুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন।

জানা গিয়েছে, আগামী ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। যাঁরা নিজেরা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের বাড়িতে গিয়েই তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা।

Related posts

Leave a Comment