33 C
Kolkata
August 12, 2026
দেশ

সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত অমিত শাহ, ‘উনি কী বলবেন, আগ্রহী নই’: রাহুল

সংসদে চলতে থাকা অচলাবস্থা কাটাতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শাহ জানান, দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত তিনি সংসদে থেকে বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। বিরোধীদের আলোচনার জন্য লিখিত ভাবে প্রস্তাব দিতে বলেছেন তিনি।

শাহ বলেন, বিরোধীরা চিঠি দিয়ে আলোচনার আবেদন জানালে বুধবার দুপুর ৩টে থেকেই আলোচনা শুরু করা যেতে পারে। আগামী বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত তিনি এই বিষয়ে আলোচনা করতে এবং “যে কোনও প্রশ্নের উত্তর দিতে” প্রস্তুত বলে জানান। তাঁর বক্তব্য, এখন বিরোধীদেরই সিদ্ধান্ত নিতে হবে তাঁরা আলোচনা চান, নাকি সংসদে অচলাবস্থা চালিয়ে যেতে চান।

মূলত দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছে বিরোধীরা। নিট-সংক্রান্ত আন্দোলনে পুলিশ ও র‌্যাফের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও তুলেছে তারা। এই বিষয়ে শাহের জবাব চেয়ে সংসদে লাগাতার সরব বিরোধী সাংসদেরা।অন্য দিকে, শাহের প্রস্তাবেও সন্তু

ষ্ট নন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “উনি কী বলবেন, আমরা তা নিয়ে আগ্রহী নই।” রাহুলের দাবি, বিরোধীরা বক্তৃতা নয়, ঘটনার বিষয়ে নির্দিষ্ট জবাব এবং দায়বদ্ধতা চাইছেন।

রাহুল আরও প্রশ্ন তোলেন, ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁটাযুক্ত লাঠি ব্যবহারের নির্দেশই বা কার ছিল। তাঁর বক্তব্য, যদি এই নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এসে থাকে, তা হলে তাঁর পদত্যাগ করা উচিত।

এদিকে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও আগেই জানিয়েছিলেন যে ছাত্রদের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত। তবে সংসদের কাজ স্বাভাবিক রাখতে বিরোধীদের সহযোগিতা করার আবেদন জানিয়েছিলেন তিনি।

শাহ অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করে বলেন, অধিবেশন শুরু হওয়ার পর তিনি নিয়মিত সংসদে এসেছেন। কিন্তু বিরোধীরাই যদি সংসদের কাজ চলতে না দেন, তা হলে তাঁর কিছু করার থাকে না। বর্তমান পরিস্থিতিতে তাঁর নতুন প্রস্তাবের পর সংসদের অচলাবস্থা কাটে কি না, এখন সেটাই দেখার।

Related posts

Leave a Comment