কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ভবিষ্যতে আধুনিক ভারতের ইতিহাস লিখতে গেলে ২০১৪ সালকে একটি যুগান্তকারী মোড় হিসেবে দেখা হবে। রবিবার গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কেয়ার ট্র্যাকার (PM-FCT) ও হেলথ পাসপোর্টের পাইলট প্রকল্পের উদ্বোধনে তিনি বলেন, স্বাধীনতার ১০০ বছর পূর্তিকে কেন্দ্র করে ভবিষ্যতের ইতিহাসবিদেরা আধুনিক ভারতকে ‘২০১৪ সালের আগে’ এবং ‘২০১৪ সালের পরে’— এই দুই পর্বে ভাগ করবেন।
অমিত শাহ বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দেশের মানুষ গণতান্ত্রিক উপায়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর নেতৃত্বেই দেশের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের পর থেকে প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে। এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে উন্নয়নের জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়নি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী সর্বজনীন ও সর্বাঙ্গীণ উন্নয়নের একটি নতুন সংজ্ঞা প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন নীতি প্রণয়ন করা হয়েছে এবং শুধু নীতি তৈরি করেই থেমে থাকেনি সরকার, সেগুলির বাস্তবায়ন ও নিয়মিত পর্যবেক্ষণও নিশ্চিত করা হয়েছে।
এদিন উদ্বোধন হওয়া প্রধানমন্ত্রী ফ্যামিলি কেয়ার ট্র্যাকার (PM-FCT) প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের তথ্যভান্ডারকে একত্রিত করা হবে। গর্ভাবস্থা থেকে শুরু করে শিশু ও কিশোর বয়স পর্যন্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছনো নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
অমিত শাহের দাবি, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে কোনও যোগ্য ব্যক্তি থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
