অযোধ্যা— অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-কে পুনর্গঠনের দাবি তুলল নির্মোহী আখড়া। ট্রাস্টের বর্তমান কাঠামো ‘প্রাইভেট ট্রাস্ট’-এর মতো বলে অভিযোগ তুলে সেটিকে ‘পাবলিক ট্রাস্ট’ হিসেবে পুনর্গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আখড়া। কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।
রামমন্দিরের পরিচালনার দায়িত্ব বর্তমানে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর হাতে। তবে নির্মোহী আখড়ার অভিযোগ, ট্রাস্টের গঠন ও কার্যপ্রণালী সুপ্রিম কোর্টের ২০১৯ সালের ঐতিহাসিক রায়ের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, বর্তমান ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহির অভাব রয়েছে। সেই কারণেই মহন্ত রাজা রামচন্দ্রাচার্য অতীত গুরু রঘুনাথ দাসের মাধ্যমে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাকারী পক্ষের দাবি, ট্রাস্টকে একটি পূর্ণাঙ্গ ‘পাবলিক ট্রাস্ট’ হিসেবে পুনর্গঠন করা হোক। পাশাপাশি রামানন্দী বৈরাগী সম্প্রদায়ের সাধু-সন্তদের ট্রাস্টের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং তদারকির সুযোগ নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে। কেন্দ্র সরকার ভবিষ্যতে ট্রাস্টের সদস্য নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা বা গাইডলাইন তৈরি করুক বলেও আবেদন করেছে নির্মোহী আখড়া।
আবেদনে সম্প্রতি রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। মামলাকারীদের দাবি, এই ঘটনা প্রমাণ করে প্রণামীর অর্থ সংরক্ষণ ও পরিচালনায় বর্তমান ট্রাস্ট যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, ওই অভিযোগের তদন্তে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া আট অভিযুক্তের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সরাসরি প্রণামী চুরিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। অভিযোগ, তাঁরা ট্রাস্টের কিছু পদাধিকারী এবং সদস্যদের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
আগামী সোমবার সুপ্রিম কোর্টে প্রণামী চুরি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই নির্মোহী আখড়ার এই নতুন আবেদন রামমন্দির ট্রাস্টের ভবিষ্যৎ কাঠামো এবং পরিচালন পদ্ধতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
