November 29, 2026
রাজ্য

৪ ডিসেম্বর বিধানসভায় শক্তিপরীক্ষা?

সংবাদ কলকাতা: কলকাতা হাই কোর্টের রায়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আপাতত বিরোধী দলনেতার পদ শূন্য। স্পিকার রথীন্দ্র বসুর আগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে আদালত। ফলে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনের প্রথম দিনেই বিধায়কদের মধ্যে শক্তিপরীক্ষা হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর।

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, হাই কোর্টের রায়ের পর স্পিকারের সামনে মূলত দু’টি পথ খোলা রয়েছে। প্রথমত, একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করা। দ্বিতীয়ত, নির্বাচিত ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন কার দিকে রয়েছে, তা যাচাই করা। তবে ডিভিশন বেঞ্চে গেলে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। তাই নতুন করে বিধায়কদের সমর্থনপত্র সংগ্রহের পাশাপাশি অধিবেশনকক্ষেই শক্তিপরীক্ষার ব্যবস্থা করতে পারেন স্পিকার।

রাস উৎসব উপলক্ষে নিজের বিধানসভা কেন্দ্র কোচবিহার দক্ষিণে গিয়েছিলেন স্পিকার রথীন্দ্র বসু। তবে আদালতের রায়ের পর পরিস্থিতি বিবেচনা করে শনিবার কলকাতায় ফিরে বিধানসভায় যান তিনি। বিধানসভা সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন স্পিকার।

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাব-সহ অন্যান্য আনুষ্ঠানিক কাজকর্মের পর অধিবেশন মুলতুবি হওয়ার কথা। কিন্তু বিধানসভা সচিবালয়ের একটি সূত্রের দাবি, ওই দিনই তৃণমূলের দুই শিবিরের বিধায়কদের মধ্যে শক্তিপরীক্ষা করানো হতে পারে।


আদালতের নির্দেশের পর নতুন করে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা রাখতে চাইছেন না স্পিকার। সেই কারণে বিধায়কদের লিখিত সমর্থনপত্র নেওয়ার পাশাপাশি অধিবেশনকক্ষে শক্তি যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছনোর পরিকল্পনা হতে পারে।

এ প্রসঙ্গে পদ হারানো বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, ‘আমরা যে কোনও ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছি। গত বার ৫৬ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়েছিলাম। এ বার স্পিকারের কাছে তার থেকেও অনেক বেশি সংখ্যক বিধায়কের সমর্থনপত্র জমা দেব। তিনি চাইলে অধিবেশনকক্ষেও শক্তিপরীক্ষা দিতে রাজি।’

অন্য দিকে, সদ্য পদ হারানো বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালতের রায়ের পর বিষয়টি আদালত এবং স্পিকারের বিবেচনাধীন। এ ক্ষেত্রে আমার কোনও বক্তব্য নেই।’

অন্য শিবির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকা বিধায়কেরা অবশ্য এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। দলীয় সূত্রে খবর, গোটা পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ করতে চাইছেন তাঁরা।

সব মিলিয়ে, ৪ ডিসেম্বর শীতকালীন অধিবেশনের শুরুতেই বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার, স্পিকার কোন পথে এগোন এবং বিধায়কদের সমর্থন যাচাইয়ের জন্য কী পদ্ধতি গ্রহণ করেন।

Related posts

Leave a Comment