নিজস্ব সংবাদদাতা, মালদহ— পরীক্ষার খাতায় সরস্বতী ঠাকুরের ছবি আঁকায় আপত্তি! শুধু আপত্তি জানানোই নয়, সপ্তম শ্রেণির এক পড়ুয়ার আঁকা সেই ছবি ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের চাঁচলে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত শিক্ষক আফতাবউদ্দিনকে গ্রেপ্তারের পর এ বার ২৪ ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হল। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর হুঁশিয়ারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে কাউকে রেয়াত করা হবে না।
ঘটনার সূত্রপাত শুক্রবার। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষার অঙ্গ হিসেবে সপ্তম শ্রেণির অঙ্কন শিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা চলছিল। অভিযোগ, এক পড়ুয়া পরীক্ষার খাতায় মা সরস্বতীর ছবি এঁকেছিল। খাতা জমা দিতে গেলে পরীক্ষকের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন তাকে বলেন, ‘এই ছবি আঁকা যাবে না।’ এরপর পড়ুয়ার আঁকা ছবিটি ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হতেই স্কুলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পড়ুয়ার বাবা কমল রায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক আফতাবউদ্দিনকে গ্রেপ্তার করে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, স্কুলশিক্ষা দপ্তরের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর ঘটনার রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতেই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, ‘সিপিএম আমলে এই ধরনের ঘটনা ঘটত। তখন দেখেও অনেকে মুখ বুজে থাকতেন। মা সরস্বতীর ছবি ছিঁড়ে সাসপেন্ড হয়েছে। প্রয়োজনে, প্রমাণ মিললে চাকরিও যাবে। মা সরস্বতী শিক্ষার দেবী। কোনও দেবদেবীর অপমান করলে কাউকে ছাড়া হবে না।’ একই সঙ্গে রাজ্যে সব ধর্মের মানুষের ধর্মপালনের স্বাধীনতা রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।
অন্য দিকে, স্থানীয় অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক পড়ুয়ার আঁকা হিন্দু দেবদেবীর ছবি ছিঁড়েছেন। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষের অভিযোগও তুলেছেন তাঁরা। যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকায়।
