November 28, 2026
রাজ্য

কল্যাণী এক্সপ্রেসওয়েতে লরি উলটে মৃত যুবক, নিমতায় ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— ফের দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ইট বোঝাই লরি উলটে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী। শনিবার দুপুরে নিমতার তেঘরিয়া মোড়ের কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতিও হয়। অবরোধের জেরে বিমানবন্দরগামী লেন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুল। শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল ইট বোঝাই একটি লরি। নিমতার তেঘরিয়া মোড়ের কাছে একটি আন্ডারপাস দিয়ে ঘোরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। সেই সময় রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন সাইফুল। লরির নিচে চাপা পড়ে যান তিনি। তাঁর উপর প্রচুর ইট পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ইট সরিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশের লেখা একটি গাড়ি লরিটিকে ধাওয়া করছিল। পুলিশের তাড়া খেয়েই চালক দ্রুত গতিতে লরি চালাচ্ছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে দাবি বিক্ষোভকারীদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। নিমতা ও ঘোলা থানার মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এক বিক্ষোভকারীর কথায়, ‘প্রশাসনের গাফিলতির জন্য এক সাধারণ নাগরিকের প্রাণ চলে গেল। পুলিশ টাকা কামানোর জন্য গাড়ির পিছনে ছুটছে। এক যুবক চায়ের দোকানে বসেছিল। দ্রুত গতিতে লরিটি টার্ন নেওয়ার সময় উলটে যায়। ইট চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের।’

বিক্ষোভের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে বিমানবন্দরগামী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment