সংবাদ কলকাতা: বৃহস্পতিবার সকালে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস) ভয়াবহ দুর্ঘটনা। হাসপাতালের রেডিওলজি বিভাগের এক্স রে ঘরে পরীক্ষা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোগী ও টেকনিশিয়ান। এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সরকারি হাসপাতালের পরিকাঠামোর এমন বেহাল দশা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
প্রতিদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে আসেন। সেই হাসপাতালেরই রেডিওলজি বিভাগে বৃহস্পতিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর, ওই সময় ২ নম্বর ঘরে এক রোগীর এক্স রে করা হচ্ছিল। আচমকাই ছাদের একটি বড় অংশের চাঙড় ভেঙে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে ভাঙা চাঙড়ের টুকরো। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত রোগী, চিকিৎসাকর্মী এবং অন্যান্যরা।
তবে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সূত্রের দাবি, দুর্ঘটনার সময় ঘরে থাকা রোগী এবং টেকনিশিয়ান দু’জনেই অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তাঁদের কারও গুরুতর আঘাত লাগেনি বলেই খবর। কিন্তু যে ভাবে ছাদের বড় অংশ ভেঙে পড়েছে, তাতে সামান্য এদিক-ওদিক হলেই প্রাণহানির আশঙ্কা ছিল বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর থেকেই হাসপাতালের ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিদিন হাজার হাজার রোগী ও তাঁদের পরিজন যে সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন, সেখানে কী ভাবে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হল? দীর্ঘদিন ধরে ভবনের রক্ষণাবেক্ষণ হয়নি কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখার দাবিও জোরাল হচ্ছে।
বিশেষ করে এক্স রে-র মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। সেখানে প্রতিদিন বহু রোগীর যাতায়াত। ফলে ছাদের অন্য অংশগুলিও কতটা নিরাপদ, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালের অন্যান্য রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
