নিজস্ব সংবাদদাতা, বীরভূম—বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যকে সমস্ত কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তারি-সহ কোনও দমনমূলক পদক্ষেপ থেকে রক্ষাকবচ পেয়েছেন টুলু। তার আগেই হাই কোর্টে মামলার শুনানি হওয়ার কথা।
এর আগে গত সপ্তাহেও মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সে দিন এজলাসে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। বৃহস্পতিবার ফের মামলাটি উঠলে রাজ্যের কাছে টুলুর বিরুদ্ধে থাকা সমস্ত কেস ডায়েরি তলব করেন বিচারপতি। সেগুলি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন টুলুর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।
সুপ্রিম কোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ নিয়ে দেশে ফিরেছেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলে গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন টুলু। সেই কারণেই আইনি সুরক্ষা পেতে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

এ দিকে, নিজের বিরুদ্ধে কোনও লুক আউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে চেয়েও পৃথক মামলা করেছিলেন টুলু। বৃহস্পতিবার সেই মামলাতেও রাজ্যের বক্তব্য আদালতে জানানো হয়। রাজ্যের তরফে জানানো হয়েছে, আপাতত টুলুর বিরুদ্ধে কোনও লুক আউট সার্কুলার জারি নেই। ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ করা হলে আদালতকে তা জানানো হবে। পাশাপাশি, এ দিন পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে একটি রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছে রাজ্য।
দেশে ফেরার পর থেকেই একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে টুলুকে। গত শুক্রবার সিউড়ি থানায় প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মঙ্গলবার ফের তাঁকে ডাকা হয়। সে দিন প্রায় ন’ঘণ্টা থানায় ছিলেন তিনি। বুধবারও প্রায় আড়াই ঘণ্টা সিউড়ি থানায় কাটান এই পাথর ব্যবসায়ী।
শুধু বীরভূম জেলা পুলিশ নয়, সিআইডির নজরেও রয়েছেন টুলু। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। সেই সূত্রে ভবানী ভবনে হাজিরাও দেন তিনি। বুধবারও তাঁকে সিআইডি দপ্তরে ডাকা হয়েছিল। যদিও বীরভূমের মামলায় থানায় হাজিরা দেওয়ার কারণ দেখিয়ে সে দিন সিআইডির তলব এড়িয়ে যান টুলু।
তবে বৃহস্পতিবার ফের বীরভূমের মহম্মদবাজার ও সিউড়ি থানায় হাজির হন তিনি। সকাল ১১টা নাগাদ প্রথমে মহম্মদবাজার থানায় পৌঁছন টুলু। সেখান থেকে বেরিয়ে আইনজীবীদের সঙ্গে নিয়ে সিউড়ি থানাতেও যান। ফলে একদিকে আদালতে রক্ষাকবচের লড়াই, অন্যদিকে একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ— সব মিলিয়ে টুলু মণ্ডলকে ঘিরে আইনি ও প্রশাসনিক তৎপরতা অব্যাহত।
