সংবাদ কলকাতা: সরকারি দূরপাল্লার বাসের অনলাইন টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন আনল রাজ্যের পরিবহণ দপ্তর। এবার থেকে বাসের মোট আসনের মাত্র ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট মিলবে সংশ্লিষ্ট বাস ডিপোয় গিয়ে। মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও এই ৩০ শতাংশ অনলাইন আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডব্লুবিটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসি, তিনটি পরিবহণ নিগমেই এই নিয়ম চালু হয়েছে।
নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর থেকেই দূরপাল্লার বাসের টিকিট বুকিং নিয়ে একাধিক সমস্যা সামনে আসছিল। অভিযোগ, অনেক মহিলা যাত্রী অনলাইনে একাধিক বাসের টিকিট বুক করেও শেষ পর্যন্ত সফর করছিলেন না। আবার কেউ কেউ নির্দিষ্ট গন্তব্যের টিকিট কেটে মাঝপথেই নেমে যাচ্ছিলেন। ফলে কাগজে-কলমে বাসের আসন পূর্ণ দেখালেও বাস্তবে বহু আসন ফাঁকা থাকছিল।
বর্তমানে বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকায় মহিলা যাত্রীদের একাধিক বাসের টিকিট বুক করার ক্ষেত্রে বিশেষ কোনও বিধিনিষেধ ছিল না। নাম ও ফোন নম্বর দিয়েই একাধিক রুটের টিকিট কাটা সম্ভব হচ্ছিল। এর ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক যাত্রী অনলাইনে টিকিট পাচ্ছিলেন না। বিশেষ করে যাঁরা ভাড়া দিয়ে যাতায়াত করতে চান, তাঁদের সমস্যায় পড়তে হচ্ছিল। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছিল অনেককে।

এই সমস্যা মোকাবিলায় এবার অনলাইন ও অফলাইন টিকিট বুকিংয়ের মধ্যে আসন ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে ৩০ শতাংশ আসন অনলাইন বুকিংয়ের জন্য নির্দিষ্ট থাকবে। বাকি ৭০ শতাংশ আসন ডিপোয় গিয়ে সরাসরি টিকিট কেটে বুক করতে হবে। এর ফলে বিনামূল্যের টিকিট বুকিংয়ের সুযোগ নিয়ে অপব্যবহার কমবে এবং প্রকৃত যাত্রীদের জন্য আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করছে পরিবহণ দপ্তর।
শনিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ায় প্রথম দিনেই কিছু যাত্রী টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন। অনলাইনে আসন না পেয়ে অনেকেই বুঝতে পারেননি যে বাকি আসনের টিকিট ডিপোয় গিয়ে সংগ্রহ করতে হবে। তিনটি পরিবহণ নিগমের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে নতুন ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।
