November 23, 2026
খেলা

থুতুর নিয়মেই কি আটকাল ভারতের জয়?

সংবাদ কলকাতা: জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র আটটি উইকেট। হাতে ছিল গোটা একটা দিন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না ভারত। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় হতাশ ভারতীয় শিবির। ম্যাচ জিততে না পারার পর এ বার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটি নিয়ম নিয়েই প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক শুভমন গিল। তাঁর মতে, বলে থুতু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বোলারদের সমস্যায় ফেলছে।

কোভিড অতিমারির সময় ২০২০ সালের মে মাস থেকে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বলের পালিশ বজায় রাখতে ঘাম ব্যবহারের অনুমতি থাকলেও থুতু ব্যবহারের অনুমতি নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে পুরনো বল থেকে রিভার্স সুইং আদায় করার ক্ষেত্রে এক দিকের পালিশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মের কারণে বোলারদের অসুবিধা হচ্ছে বলে মনে করছেন শুভমন।

ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন, ‘কেন বলে থুতু লাগানো যাবে না, সেটাই বুঝতে পারি না। কোভিড অতিমারি তো বহু বছর আগেই শেষ হয়েছে। তা হলে এখনও কেন এই অনুমতি নেই, জানি না।’ জয়ের এত কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ড্র করতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। শুভমনের কথায়, ‘খুব হতাশ লাগছে। আমরা ভাল জায়গায় ছিলাম। এখন ক্রিকেটে খুব বেশি টেস্ট ড্র হয় না। অথচ আমাদের সেই ড্র করেই সন্তুষ্ট থাকতে হল।’

দ্বিতীয় ইনিংসে ভারতের চার পেসার মিলে ৮১ ওভার বল করলেও পেয়েছেন মাত্র চারটি উইকেট। পিচ থেকে বোলারদের জন্য বিশেষ সাহায্য ছিল না। পুরনো বলেও প্রত্যাশিত রিভার্স সুইং পাননি যশপ্রীত বুমরাহ ও আকাশদীপরা। ফলে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। এই পরিস্থিতিতেই বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভমন।

তবে টেস্টে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ভারত অধিনায়ক। তাঁর মতে, প্রথম ইনিংসে বোলারেরা ভাল পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতেও দাপট দেখিয়েছে ভারত। দুই ব্যাটার শতরান করেছেন। দলের রান ৭০০ পেরিয়েছে। শুভমন বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভাল বল করেছি। ওদের চাপে রেখেছিলাম। প্রতিটি বিভাগেই ওদের টেক্কা দিয়েছি। ব্যাট হাতেও দুর্দান্ত খেলেছি। দু’জন শতরান করেছে। ৭০০-র বেশি রান করেছি। সেটা কম নয়।’

ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে ড্রয়ের সিদ্ধান্ত নেয় ভারত। সেই সময় প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছিলেন শুভমন। কেন নির্ধারিত সময়ের আগেই ড্রয়ের সিদ্ধান্ত নেওয়া হল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। অধিনায়কের বক্তব্য, পিচে বোলারদের জন্য পর্যাপ্ত সাহায্য ছিল না। পেসারেরা ৫০ ওভারের বেশি বল করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সামনে দ্বিতীয় টেস্ট থাকায় তাঁদের বিশ্রাম দেওয়াও প্রয়োজন ছিল। দ্বিতীয় টেস্টের আগে মাত্র তিন দিনের বিরতি এবং যাত্রার বিষয়টিও মাথায় রেখেছিল দল।

এ দিকে প্রথম একাদশে মহম্মদ সিরাজকে না রাখা নিয়েও মুখ খুলেছেন শুভমন। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ভারত অধিনায়ক জানিয়েছেন, সিরাজ তাঁর ভাল বন্ধু। তাঁকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। শুভমনের কথায়, ‘সিরাজ আমার খুব ভাল বন্ধু। ওকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত আমাদের কাছে কঠিন ছিল। খেলা শুরুর আগে ওকে বিষয়টি জানিয়েছিলাম। কখনও কখনও পিচ এবং পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হয়, কোন ক্রিকেটার সেই ম্যাচে ভাল খেলতে পারবেন। এটাই কমাত্র কারণ।’

চার দিন পর ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট। ওয়েলিংটনের তুলনায় সেখানে ভাল পিচ পাওয়ার আশা করছেন শুভমন। প্রথম টেস্টে বোলারেরা যে পরিশ্রম করেছেন, দ্বিতীয় ম্যাচেও একই চেষ্টা করলে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন তিনি। প্রথম টেস্টে দলের যে লড়াকু মানসিকতা দেখা গিয়েছে, পরের ম্যাচেও তা ধরে রাখার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক।

Related posts

Leave a Comment