November 21, 2026
দেশ

গোপালপুরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আকভান, পুরীতে উত্তাল সমুদ্র

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা

ভুবনেশ্বর: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় আকভান শুক্রবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে আছড়ে পড়ল। গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে। তবে স্থলভাগে প্রবেশের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবু ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। গঞ্জাম জেলার একাধিক এলাকায় ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। কোথাও কোথাও জল জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গঞ্জাম জেলার পাত্রপুরে ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০৯ মিলিমিটারে পৌঁছেছে। হিঞ্জিলিতে ২০৭ মিলিমিটার, চিকিটিতে ১৯৯ মিলিমিটার এবং গোপালপুরে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিশেষ নজর রয়েছে পুরীর উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উপর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরীর সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সমুদ্রতটে আছড়ে পড়ে বিশাল ঢেউ। প্রবল বাতাসের কারণে সৈকত সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে থেকেই উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল প্রশাসন।

পরিস্থিতি মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে ওড়িশার বিপজ্জনক এলাকাগুলি থেকে তিন লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়। পাশাপাশি একাধিক জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থলভাগে প্রবেশের আগে আকভান অতি প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। এরপর উপকূল অতিক্রম করে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে সেটি আরও দুর্বল হয়ে পড়ে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তবে ঝড়ের শক্তি কমলেও বৃষ্টির প্রভাব এখনই পুরোপুরি কাটছে না। ওড়িশার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলির আবহাওয়ার উপরও নজর রাখছে মৌসম ভবন।

Related posts

Leave a Comment