November 19, 2026
রাজ্য

মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ, মৃত্যু নিকিতার

সংবাদ কলকাতা: সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া উত্তর দিনাজপুরের চোপড়ার তরুণী নিকিতা সাহার মৃত্যু হল। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন নিকিতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই ঘটনায় দায়ের হওয়া মামলাটি খুনের ধারায় পরিবর্তন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৩ সেপ্টেম্বর স্বামী সৌভিক দাসের সঙ্গে মধুচন্দ্রিমায় সিটঙে গিয়েছিলেন নিকিতা। সেখানে একটি হোমস্টেতে রাতে বার্বিকিউ করার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অভিযোগ, আগুনে তেলজাতীয় পদার্থ ঢালার পরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে গুরুতর ভাবে ঝলসে যান নিকিতা। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় আনা হয় তাঁকে। চিকিৎসকদের মতে, শরীরে সংক্রমণ ছড়িয়ে সেপসিসের সমস্যাও দেখা দিয়েছিল।

পরিবার সূত্রে খবর, প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিকিতা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে সিসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই ফের অবস্থার অবনতি ঘটে। তাঁর আবার সিসিইউয়ের প্রয়োজন হলেও হাসপাতালে সেই সময় বেড পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। ফলে সাধারণ বেডেই বেশ কয়েক দিন থাকতে হয় তাঁকে। পরে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় পরিবারের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সৌভিকের ভাই ঋতম বসাক জানিয়েছেন, শেষ কয়েক দিন অত্যন্ত কষ্টের মধ্যে কাটিয়েছেন নিকিতা। তাঁর শরীর রক্ত গ্রহণ করতে পারছিল না। পরে অস্ত্রোপচার করে মৃত কোষ বাদ দেওয়ার চেষ্টা হয়। কিন্তু গলার কাছ থেকে রক্তক্ষরণ শুরু হলে তা আর বন্ধ করা সম্ভব হয়নি। বুধবারই প্রয়োজনীয় টাকা জোগাড় করতে সৌভিক কলকাতা থেকে বাড়ি ফিরেছিলেন। তার পরের দিন ভোরেই আসে মৃত্যুর খবর। ময়নাতদন্তের পর নিকিতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।



অন্য দিকে, দুর্ঘটনার জন্য হোমস্টে কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন সৌভিক। তাঁর অভিযোগ, বার্বিকিউয়ের আগুনে তেলের ড্রাম থেকে পদার্থ ঢেলে দেওয়ার ফলেই আগুন ভয়াবহ আকার নেয়। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন হোমস্টের মালিক নেহাল আইরন। তাঁর দাবি, বার বার সতর্ক করা সত্ত্বেও দম্পতি আগুনের খুব কাছে বসেছিলেন। বার্বিকিউ চলাকালীন খাবারের ব্যবস্থা করতে কর্মী চলে যাওয়ার পর অন্য এক ব্যক্তি আগুনে কেরোসিন ঢেলে দেন বলে দাবি তাঁর। ওই ব্যক্তি হোমস্টের কর্মী নন বলেও জানিয়েছেন মালিক।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দম্পতি বার্বিকিউয়ের সামনে বসে রয়েছেন। সেই সময় উল্টো দিক থেকে এক ব্যক্তি ড্রাম কাত করে আগুনে কিছু ঢালার চেষ্টা করেন। এর পরেই আগুন আচমকা ভয়াবহ আকার নেয় এবং নিকিতার শরীরে ছড়িয়ে পড়ে। হোমস্টে কর্তৃপক্ষের দাবি, নিকিতার পরনে নাইলনের পোশাক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে চার জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে রয়েছেন হোমস্টের জমির মালিক নেহাল আইরন, দেখভালের দায়িত্বে থাকা পবনকুমার অগ্রবাল, কর্মী দীপেন লামা এবং শ্রমিক নাসির উদ্দিন। নাসিরের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। বাকি তিন জন কার্শিয়াঙের বাসিন্দা। বর্তমানে চার জনই জামিনে মুক্ত রয়েছেন।

কার্শিয়াং পুলিশ সূত্রে খবর, নিকিতার মৃত্যুর পর মামলার ধারায় পরিবর্তন করা হবে। দুর্ঘটনার নেপথ্যে কার গাফিলতি বা ভূমিকা ছিল, তা খতিয়ে দেখে খুনের মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। দীর্ঘ চিকিৎসার পর নিকিতার মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে সিটঙের ওই হোমস্টের নিরাপত্তা ব্যবস্থা এবং বার্বিকিউ আয়োজনের নিয়মকানুন।

Related posts

Leave a Comment