সংবাদ কলকাতা: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে একটি ঘাট উদ্বোধন করতে যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁকে দেখানো হয় কালো পতাকা। এই ঘটনার পিছনে বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মহুয়া। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফেসবুক লাইভে এসে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
বৃহস্পতিবার কালীগঞ্জ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঘাট উদ্বোধনের কর্মসূচি ছিল মহুয়ার। স্থানীয় বাসিন্দাদের স্নানের সুবিধার জন্য সাংসদ তহবিলের ২৫ লক্ষ টাকা খরচ করে ঘাটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁর গাড়ির পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা। অভিযোগ, বিক্ষোভের মধ্যেই মহুয়ার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং কালো পতাকা দেখানো হয়।
ঘটনার সময় গাড়ির ভিতর থেকেই ফেসবুক লাইভ করেন মহুয়া। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা লাঠি দিয়ে তাঁর গাড়িতে আঘাত করতে করতে এগিয়ে আসছিলেন। পুলিশকে আগে থেকেই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ করেনি। উল্টে বিক্ষোভকারীদের সরানোর বদলে তাঁকেই গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বলা হয়।
সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে মহুয়া সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন। তাঁর বক্তব্য, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের। অথচ সেই পুলিশই বিক্ষোভকারীদের আটকানোর পরিবর্তে তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। তাঁর অভিযোগ, পুলিশ ও বিজেপি একযোগে তাঁকে শারীরিক ভাবে হেনস্থার মুখে ঠেলে দিচ্ছে। এই ধরনের ঘটনা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মহুয়ার পোস্টকে সমর্থন করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে মহুয়ার পোস্ট পুনরায় প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট কোনও পদক্ষেপ করবে কি না। তাঁর কটাক্ষ, আদালত অবমাননার মামলা কি শুধু বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য? ক্ষমতাসীন দলের সহযোগীরা কি বিশেষ সুবিধা পেতে থাকবেন?
অন্য দিকে, মহুয়ার অভিযোগ অস্বীকার না করলেও ঘটনাকে অন্য ভাবে ব্যাখ্যা করেছে বিজেপি। দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনর সন্দীপন মজুমদারের দাবি, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তাঁর বক্তব্য, তৃণমূলের শাসনকালে মহুয়া মৈত্রের কিছু মন্তব্য ও আচরণে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছিল বলে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। ডিম ছোড়ার ঘটনাকে তিনি কার্যত সমর্থন করে মন্তব্য করেছেন, মহুয়াকে বোমা ছোড়া হয়নি, ডিমই ছোড়া হয়েছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই নদিয়ার বিভিন্ন এলাকায় একাধিক বার বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনার মুখে পড়েছেন মহুয়া। এই ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়ে আগস্ট মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। একটি মামলায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরার আবেদন জানিয়েছিলেন সাংসদ। তবে বিচারপতি দীপঙ্কর দত্ত সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। শুনানিতে তাঁর মন্তব্য ঘিরেও তখন বিতর্ক তৈরি হয়েছিল।
সেপ্টেম্বর মাসেও ডিম ছোড়ার ঘটনার মুখে পড়েছিলেন মহুয়া। সে বারও সমাজমাধ্যমে ভিডিয়ো প্রকাশ করে তাঁর অভিযোগ ছিল, আদালতের নির্দেশে নিরাপত্তার জন্য পুলিশকর্মী মোতায়েন থাকা সত্ত্বেও হামলা আটকানো যায়নি। বরং পরিস্থিতি সামাল দেওয়ার নামে পুলিশ তাঁকেই জোর করে গাড়িতে তুলে দেয়।
বৃহস্পতিবারের ঘটনার আগেও সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮০ থেকে ৯০ জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালানোর জন্য অপেক্ষা করছে বলে দাবি করেছিলেন তিনি। তার পরেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশের ভূমিকা এবং আদালতের নির্দেশ কার্যকর করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
