November 18, 2026
রাজ্য

জনজাতি সংরক্ষণে কড়া বার্তা শুভেন্দুর

আলিপুরদুয়ার: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ারে আয়োজিত জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠান থেকে ফের প্রাক্তন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জনজাতি সমাজের অধিকার, সংরক্ষণ এবং উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। সরকারি চাকরিতে তফশিলি উপজাতিদের সংরক্ষণ বাধ্যতামূলক করার পাশাপাশি ভুয়ো এসটি শংসাপত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের জনজাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে সমস্ত সরকারি প্রকল্পের দায়িত্ব সরাসরি রাজ্য সরকার গ্রহণ করবে। পড়ুয়াদের বৃত্তি, হস্টেলের অনুদান এবং সরকারি চাকরিতে সংরক্ষণের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁর অভিযোগ, আগের তৃণমূল সরকারের আমলে জনজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার বিভিন্নভাবে ক্ষুণ্ণ হয়েছিল। তবে বর্তমান সরকার সেই অধিকার সুরক্ষিত করতে বদ্ধপরিকর।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাবাসাহেব আম্বেদকর জনজাতি সমাজের জন্য যে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিলেন, তা কোনওভাবেই লঙ্ঘন করা যাবে না। সরকারি চাকরিতে এসটি বা তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। গোটা বিষয়টি তিনি নিজে ব্যক্তিগতভাবে নজরদারি করবেন বলেও আশ্বাস দেন।

ভুয়ো এসটি শংসাপত্র নিয়েও কড়া অবস্থান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতীতে বেআইনিভাবে তৈরি হওয়া ভুয়ো শংসাপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে কোনওভাবেই ভুয়ো এসটি শংসাপত্র তৈরি বা ইস্যু করা না যায়, তার জন্য প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত জনজাতি সম্প্রদায়ের মানুষ এবং যোগ্য প্রার্থীরা যাতে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।


এ দিন শুধু মঞ্চ থেকেই বার্তা দেননি মুখ্যমন্ত্রী। জনজাতি পড়ুয়াদের সুযোগ-সুবিধা এবং আবাসিক হস্টেলের পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি মাঠেও নামেন তিনি। আলিপুরদুয়ারের লোকনাথপুর গার্লস হস্টেলে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর ওয়ার্ডেনদের কাছ থেকে হস্টেলের সামগ্রিক পরিস্থিতির খোঁজ নেন। সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে খরচ হচ্ছে কি না, পড়ুয়ারা ঠিকমতো খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানতে চান।

এর আগে হুল দিবসের অনুষ্ঠানে আদিবাসী আবাসিক পড়ুয়াদের খাওয়াদাওয়ার মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আগে যেখানে পড়ুয়ারা মাসে ১,৮০০ টাকা পেত, বর্তমানে তা বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। বর্ধিত বরাদ্দের সুফল আবাসিকরা বাস্তবে পাচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই এ দিনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

হস্টেলের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পড়ুয়াদের সঙ্গেও সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ডেকে নেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। তার কাছে জানতে চান, খাবারের পরিমাণ যথেষ্ট কি না এবং খাবারের গুণগত মান ঠিক রয়েছে কি না। পড়ুয়ারা সন্তোষজনক উত্তর দিলে উপস্থিত শিক্ষক ও পরিচারকদের উদ্দেশে কিছুটা রসিকতার সুরে প্রশ্ন করেন, পাশ থেকে কেউ উত্তর শিখিয়ে দিচ্ছে না তো?

তবে এর পরেই হস্টেলের দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ছোট ছোট পড়ুয়াদের খাবারের গুণগত মান নিয়ে কোনওরকম অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। জনজাতি সমাজের অধিকার রক্ষা থেকে শুরু করে আবাসিক পড়ুয়াদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা—সব ক্ষেত্রেই প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment