November 16, 2026
খেলা

ফেডারেশন নির্বাচনে ফের ধাক্কা, কল্যাণের নাম প্রত্যাহার

সংবাদ কলকাতা: ভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। সভাপতি পদে ফের লড়াইয়ের সম্ভাবনা তৈরি হলেও আপাতত বড় ধাক্কার মুখে কল্যাণ চৌবে। প্রতিনিধি হিসেবে তাঁর নাম পাঠানোর এক দিনের মধ্যেই তা প্রত্যাহার করে নিল দমন ও দিউ ফুটবল সংস্থা। ফলে আসন্ন নির্বাচনে কল্যাণ আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিটি রাজ্য ফুটবল সংস্থাকে দু’জন করে প্রতিনিধির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা। ১৩ নভেম্বর ছিল নাম জমা দেওয়ার শেষ দিন। সাতটি রাজ্য সংস্থা বাদে অধিকাংশের প্রতিনিধিদের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা হয়নি কল্যাণের।

ঘটনার সূত্রপাত ১৩ নভেম্বর। সেদিন দমন ও দিউ ফুটবল সংস্থার তরফে ওয়াল্টার পেরেরা এবং আলতামাস শেখের নাম প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু পরের দিনই সেই তালিকায় পরিবর্তন করে আলতামাসের পরিবর্তে কল্যাণ চৌবের নাম পাঠানো হয়। তবে সোমবার সকালে ফের অবস্থান বদলায় ওই সংস্থা। নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়, ১৩ নভেম্বর পাঠানো প্রথম তালিকাটিকেই চূড়ান্ত বলে গণ্য করতে হবে। ১৪ নভেম্বরের চিঠিটি বাতিল করার আবেদনও জানানো হয়। অর্থাৎ, শেষ পর্যন্ত কল্যাণকে প্রতিনিধি হিসেবে মানতে নারাজ দমন ও দিউ ফুটবল সংস্থা।


এর আগে ফেডারেশনের নির্বাচনে গুজরাতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কল্যাণ। সেই সময় কেন্দ্রের শাসকদলের প্রচ্ছন্ন সমর্থন তাঁর জয়ের পিছনে ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল। কিন্তু এবার গুজরাত থেকেও তাঁর নাম মনোনীত করা হয়নি। ফলে নির্বাচনী সমীকরণে ক্রমশ চাপে পড়ছেন তিনি।

অন্যদিকে, ফেডারেশনের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে প্রফুল পটেলকে এগিয়ে রাখছেন অনেকে। সচিব পদে অরবিন্দ মেননের নাম নিয়েও জোর আলোচনা চলছে। এমনকি, শেষ পর্যন্ত নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়েও ফুটবল মহলে জল্পনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই কয়েকটি ক্লাব ইতিমধ্যে প্রফুল পটেলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে খবর।

তবে কল্যাণের সামনে নির্বাচনে লড়ার একটি বিকল্প রাস্তা এখনও খোলা রয়েছে। নিয়ম অনুযায়ী, ইলেক্টোরাল কলেজে প্রতিনিধি হিসেবে জায়গা না পেলেও কোনও ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন, যদি তিনি ফেডারেশনের কর্মসমিতিতে একটি পূর্ণ মেয়াদ সম্পন্ন করে থাকেন। সেই নিয়মের ভিত্তিতে কল্যাণের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতে পারে। যদিও শেষ পর্যন্ত নির্বাচনী আধিকারিকের অনুমোদন প্রয়োজন। এই সুযোগ তিনি কাজে লাগাবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

এদিকে, সাতটি রাজ্য সংস্থার প্রতিনিধিদের নাম ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। এ রাজ্যের তরফে অনির্বাণ দত্ত এবং সুব্রত দত্তের নাম পাঠানো হলেও রাজ্য ফুটবল সংস্থার নির্বাচন এখনও সম্পন্ন হয়নি। ফলে নির্বাচনী আধিকারিক তাঁদের নামের পাশে ‘নির্বাচন অসম্পূর্ণ’ উল্লেখ করেছেন।

সব মিলিয়ে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল। কল্যাণ চৌবে শেষ পর্যন্ত সভাপতি পদে লড়তে পারবেন কি না, এখন সেটাই ফুটবল মহলের সবচেয়ে বড় কৌতূহল।

Related posts

Leave a Comment