নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের। রবিবার বিকেলে চারকোল গ্রামের কাছে উচকরন এলাকার একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশের বক্তব্য, অস্ত্র উদ্ধারের সময় আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন রতন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি বোলপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্ত হওয়ার কথা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন রতন। রবিবার পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি। যদিও গ্রেপ্তারির বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে রতন অপরাধের কথা স্বীকার করেন। কনস্টেবলকে গুলি করার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথায় রাখা রয়েছে, সে সম্পর্কেও তথ্য দেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে নিয়ে নানুরের ইটভাটায় পৌঁছয় পুলিশের দল।
পুলিশের দাবি, ইটভাটায় অস্ত্র উদ্ধারের সময় আচমকাই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালান রতন। তাঁর ছোড়া গুলি পুলিশের গাড়িতে লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই জখম হন রতন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চলেছিল, তা নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে এনকাউন্টার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ এবং রায়গঞ্জে পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
রবিবার কলকাতার আউট্রাম ঘাটে ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে গিয়ে নানুরের ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের পদক্ষেপের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।’ বিজেপি ক্ষমতায় আসার আগেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছিলেন তিনি। তখন তাঁর বক্তব্য ছিল, ‘অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।’
শুক্রবার লাইকবাজারে রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশের দাবি, সেই সময় রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। তাতে বিশ্বজিতের বাঁ পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। রবিবার সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর চিকিৎসার জন্য অস্থিরোগ এবং সাধারণ শল্যচিকিৎসা বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অস্থিরোগ বিভাগের প্রধান চিকিৎসক নীরজ ডুগ্গরের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সোমবার তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। কলকাতায় পাঠানোর আগেই পা থেকে গুলি বের করে দেওয়া হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
শনিবার আহত কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, পুলিশের এই রক্ত বৃথা যাবে না। দোষী উপযুক্ত শাস্তি পাবে। তাঁর কথায়, ‘ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যা করার আমরা তা করব। আমি আইনের কথা বলব।’ একই সঙ্গে পুলিশকর্মীদের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বন্দুক ও গুলি শুধু সঙ্গে রাখার জন্য দেওয়া হয়নি, প্রয়োজন হলে সেগুলির যথাযথ প্রয়োগ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি।
নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা এবং মাদক পাচার-সহ একাধিক মামলা ছিল বলে পুলিশ সূত্রে দাবি। কয়েক মাস আগে একটি মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলায় তাঁকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময়ই লাইকবাজারে গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ।
রতনের জামিন নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুজোর ছুটির মধ্যে কী ভাবে অভিযুক্ত জামিন পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মামলার সরকারি আইনজীবীর ভূমিকাও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রতন একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিলেন। কী ভাবে এতগুলি মামলায় জামিন সম্ভব হল, তা নিয়ে প্রশাসনিক স্তরে অনুসন্ধান করা হবে।
এ দিন আউট্রাম ঘাটে ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনের সময় উৎসবের নিরাপত্তা নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার দায়িত্ব ৪০ জন মন্ত্রীর হাতে দেওয়া হয়েছিল। গঙ্গার ঘাটগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছিল। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদেরও মোতায়েন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সবটাই তো মানুষ বলতে পারবে। আমি ৪০ জন মন্ত্রীকে গোটা রাজ্যে যাতে শান্তিপূর্ণভাবে সব পালন করা যায়, তার দায়িত্ব দিয়েছিলাম। গঙ্গার ঘাটে সব ধরনের ব্যবস্থা ছিল।’
সোমবার সকাল পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেই ছটপুজোর আয়োজনকে সম্পূর্ণ সফল বলা যাবে বলে জানান তিনি। একদিকে আহত পুলিশকর্মীর চিকিৎসা, অন্যদিকে অস্ত্র উদ্ধারে গিয়ে অভিযুক্তের মৃত্যু— নানুরের এই ঘটনাকে ঘিরে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
previous post
