সংবাদ কলকাতা: দলের পতাকা হাতে নিয়ে কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনই কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুধু সতর্কবার্তা দিয়েই থেমে থাকেননি তিনি। অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছেন।
শমীকের বক্তব্যে স্পষ্ট, বিজেপির পরিচয় ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বেআইনি কাজকর্মে জড়ালে তাঁদের রেয়াত করা হবে না। অভিযুক্ত ব্যক্তি দলের সদস্য হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না দল। অর্থাৎ, বিজেপির পতাকা হাতে থাকলেই যে কেউ আইনের ঊর্ধ্বে চলে যাবেন না, তা বুঝিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তবে এবার দলের অন্দরেই এমন কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাঁরা বিজেপির পতাকা ব্যবহার করে অরাজকতা চালাচ্ছেন বলে দাবি শমীক ভট্টাচার্যের।
দলের ভাবমূর্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া অবস্থান বলে মনে করা হচ্ছে। এখন দেখার, শমীকের নির্দেশের পর অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করে রাজ্য বিজেপি।
