নিজস্ব সংবাদদাতা, সিউড়ি— বিসর্জন মানেই ঢাকঢোল, লাউডস্পিকার, ব্যান্ডের তালে নাচ আর বিশাল শোভাযাত্রা। কিন্তু বীরভূমের সিউড়ির লালকুঠিপাড়ার বামদেব ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনে আকর্ষণের কেন্দ্র অন্য কিছু। সেখানে দর্শকদের নজর কাড়ছে কিশোর-যুবকদের বাহারি চুলের ছাঁট। কারও মাথায় অক্টোপাসের আদল, কারও সাজ অ্যালিয়েনের মতো। বিচিত্র এই চুলের কারুকাজ দেখতে বিসর্জনের শোভাযাত্রায় ভিড় জমাচ্ছেন শহরের বাসিন্দারা।
কালীপুজোর পরের রবিবার বামদেব ক্লাবের প্রতিমা নিরঞ্জন হয়। সেই উপলক্ষে শনিবার থেকেই এলাকার কিশোর ও যুবকদের ভিড় জমে স্থানীয় সেলুনগুলিতে। মূলত ১০ থেকে ২০ বছর বয়সিরাই এই বিশেষ সাজে অংশ নেন। কেউ চুলে লাগান রং, কেউ আবার মাথায় তৈরি করান অভিনব নকশা। বিসর্জনের দিন নিজেদের আলাদা করে তুলে ধরতেই এই আয়োজন।
শনিবার লালকুঠিপাড়ার ‘জয় সেলুনে’ ছিল চোখে পড়ার মতো ভিড়। চুলের বিশেষ ছাঁট করাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে অনেককে। সুবোধ সোনার নামে এক তরুণ তো প্রায় চার ঘণ্টা ধরে সেলুনে বসে রয়েছেন। তাঁর চুলের কিছুটা অংশ কাটা হলেও রং ও নকশার কাজ তখনও বাকি। আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে তাঁকে।

কী ধরনের ছাঁট করাচ্ছেন? সুবোধের কথায়, ‘আগের বার চুলে সোনার গদা ছাঁট করেছিলাম। এ বার অক্টোপাস কাটিং করাচ্ছি।’ এই বিশেষ সাজের জন্য খরচ হচ্ছে প্রায় দেড় হাজার টাকা। পাশেই আর এক কিশোরের চুলে গাঢ় বাদামি রং করছিলেন ক্ষৌরকার। নিজের নতুন চেহারা নিয়ে বেশ আত্মবিশ্বাসী সে। তার কথায়, ‘এ বার তো জমিয়ে দেব।’
স্থানীয় ক্ষৌরকার রবি ভান্ডারি জানাচ্ছেন, গত ১৫ বছর ধরেই বামদেব ক্লাবের বিসর্জনকে কেন্দ্র করে এই বিশেষ চুলের ছাঁটের চল রয়েছে। এলাকার কিশোর-যুবকেরা শোভাযাত্রায় নাচগান ও আনন্দে মাতবেন বলে তাঁর সেলুনে ভিড় করেন। অভিনব চুলের নকশা তৈরির খরচ শুরু হয় প্রায় এক হাজার টাকা থেকে। এ বারের সবচেয়ে জনপ্রিয় ছাঁট অক্টোপাস ও অ্যালিয়েন।
রবি বলেন, ‘ওদের যাতে দর্শক দেখে, সেই জন্য নানা চুলের ছাঁট করে দেওয়ার বরাত নিয়ে আসে। ওরাও মজা পায়। আমিও মজা পাই।’ তাঁর কথায়, কাঁচি ও রংয়ের কারসাজিতে প্রত্যেককে আলাদা চেহারা দেওয়ার চেষ্টা করেন তিনি।
তবে এই বাহারি সাজের স্থায়িত্ব মাত্র এক দিন। বিসর্জনের পরের দিনই আবার অনেককে ফিরতে হয় সেলুনে। কেউ চুলের রং কালো করিয়ে নেন, কেউ আবার পুরো মাথা কামিয়ে ফেলেন। অর্থাৎ এক দিনের আনন্দের জন্য হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করতেও পিছপা নন কিশোর-যুবকেরা। বামদেব ক্লাবের বিসর্জনে তাই প্রতিমার পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে এই অভিনব চুলের সাজ।
