November 14, 2026
খেলা

মুস্তাক আলিতে হার দিয়ে শুরু বাংলার

সংবাদ কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান মোটেও সুখকর হল না বাংলার। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই কর্নাটকের কাছে ১৯ রানে হারতে হল অভিমন্যু ঈশ্বরণের দলকে। সদ্য বাবাকে হারানো সায়ন ঘোষ বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও জয় এনে দিতে পারলেন না দলকে। অন্য দিকে, শাহবাজ আহমেদ ও সুদীপ ঘরামির লড়াকু অর্ধশতরানও শেষ পর্যন্ত কাজে এল না। ব্যাট হাতে ব্যর্থ হলেন মহম্মদ শামি। প্রথমে ব্যাট করে কর্নাটক ১৮৪ রানে অলআউট হওয়ার পর বাংলা থামল ১৬৫/৯ রানে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু শুরু থেকেই বাংলার বোলারদের উপর চড়াও হন কর্নাটকের দুই ওপেনার। প্রথম উইকেটে ৪৭ রান যোগ করেন তাঁরা। লাভনিথ সিসোদিয়া ২৭ রান করে ফিরলেও দলের রান এগিয়ে নিয়ে যান মণীশ পাণ্ডে ও করুণ নায়ার। মণীশের ব্যাট থেকে আসে ২৯ রান। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কর্নাটক।

একদিকে উইকেট পড়লেও অন্য প্রান্তে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান করুণ নায়ার। সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫৩ রান করেন তিনি। শেষ দিকে প্রবীণ দুবের ঝোড়ো ইনিংস কর্নাটককে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে মাত্র ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।



বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে সফল সায়ন ঘোষ। ২৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামাণিক পান দু’টি করে উইকেট। একটি উইকেট পান মহম্মদ শামি।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলা। ইনিংসের প্রথম তিন বলের মধ্যেই সাজঘরে ফিরে যান অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দু’জনেই কোনও রান করতে পারেননি। এরপর করণ লাল ৯ রান করে আউট হন। ঋষভ চৌধুরিও খাতা খুলতে পারেননি। মাত্র ২৪ রানে চার উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে যায় বাংলা।

সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদ। পঞ্চম উইকেটে দু’জনে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সুদীপের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৫ রান। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও চারটি ছক্কা। অন্য দিকে, শাহবাজ ৩৭ বলে ৫৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল দু’টি চার ও চারটি ছক্কা।

তবে সুদীপ আউট হওয়ার পর ফের বাংলার ব্যাটিংয়ে ধস নামে। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা ক্রমশ কঠিন করে ফেলে দল। শেষ পর্যন্ত নির্ধারিত লড়াই করেও ১৬৫/৯ রানের বেশি এগোতে পারেনি বাংলা।

কর্নাটকের হয়ে বল হাতে সবচেয়ে সফল অভিলাষ শেট্টি। ২৬ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। বিজয়কুমার বিশাক তিনটি এবং মানবন্ত কুমার দু’টি উইকেট তুলে নেন। ফলে প্রথম ম্যাচেই হার দিয়ে প্রতিযোগিতা শুরু করতে হল বাংলাকে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন অভিমন্যুদের প্রধান লক্ষ্য।

Related posts

Leave a Comment