November 14, 2026
রাজ্য

মন্ত্রিসভার ফাইল জমায় কড়া সময়সীমা

সংবাদ কলকাতা: সরকারি কাজে দীর্ঘসূত্রিতা ও ফাইল আটকে রাখার প্রবণতা বন্ধ করতে এবার আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করার জন্য নির্ধারিত সমস্ত প্রস্তাবের ফাইল অন্তত পাঁচ দিন আগে মুখ্যসচিবের দপ্তরে জমা দিতে হবে। এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার অগ্রবাল। প্রশাসনিক কাজে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

শুক্রবার মুখ্যসচিবের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরের স্তরে ফাইল প্রক্রিয়াকরণে দেরি হওয়ার কারণে মন্ত্রিসভার বিবেচনার জন্য পাঠানো একাধিক প্রস্তাব আটকে যাচ্ছে। শেষ মুহূর্তে ফাইল জমা পড়ায় সেগুলি যথাযথভাবে খতিয়ে দেখার সুযোগও কমে যাচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে প্রস্তাবগুলি পেশ হওয়ার কথা, সেগুলির সম্পূর্ণ ফাইল ১৮ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবের দপ্তরে পৌঁছে দিতে হবে। শুধু ওই বৈঠক নয়, ভবিষ্যতের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকগুলির অন্তত তিন কার্যদিবস আগে সমস্ত সম্পূর্ণ প্রস্তাব মুখ্যসচিব এবং রাজ্যের ক্যাবিনেট সচিবের কাছে জমা দিতে হবে।

নবান্ন সূত্রে খবর, ফাইল জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রয়োজনীয় মতামত, পর্যবেক্ষণ এবং অনুমোদন বা ভেটিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কোনও প্রস্তাবের ক্ষেত্রে অন্য দপ্তরের অনুমোদন প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ শেষ করতে বলা হয়েছে। কোনওভাবেই নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যাবে না।

এই নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল শীর্ষ আধিকারিকদের ব্যক্তিগত দায়বদ্ধতা। সংশ্লিষ্ট নোডাল দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধানসচিব অথবা সচিবকে অন্য দপ্তরগুলির সঙ্গে সরাসরি সমন্বয় রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফাইল তৈরি থেকে শুরু করে জমা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব তাঁদেরই নিতে হবে। অর্থাৎ, ফাইল আটকে থাকলে বা নির্ধারিত সময়ে জমা না পড়লে সংশ্লিষ্ট শীর্ষ আধিকারিকদেরই জবাবদিহি করতে হতে পারে।



এর আগে সরকারি দপ্তরে সাধারণ মানুষের কাজ আটকে থাকা এবং পরিষেবা পেতে অযথা দেরির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়বদ্ধ করার বার্তা দিয়েছিলেন মুখ্যসচিব। এবার মন্ত্রিসভার বৈঠকের ফাইল জমা দেওয়ার ক্ষেত্রেও একইভাবে সময়সীমা নির্দিষ্ট করে দিল নবান্ন।

প্রশাসনিক মহলের মতে, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া বহু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগোনো সম্ভব নয়। কিন্তু শেষ মুহূর্তে ফাইল জমা পড়লে প্রস্তাবগুলি খুঁটিয়ে দেখার পর্যাপ্ত সময় থাকে না। ফলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। নতুন নির্দেশিকা কার্যকর হলে দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়বে এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।

এখন দেখার, মুখ্যসচিবের এই নির্দেশিকার পর সরকারি দপ্তরগুলিতে ফাইল নিষ্পত্তির গতি কতটা বাড়ে এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ করার ক্ষেত্রে আধিকারিকরা কতটা তৎপর হন।

Related posts

Leave a Comment