November 14, 2026
রাজ্য

গুলিবিদ্ধ কনস্টেবলকে দেখতে হাসপাতালে শুভেন্দু

সংবাদ কলকাতা: অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শান্তিনিকেতনের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। রবিবার তাঁকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর সাহসিকতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বজিৎ দাসের রক্ত বৃথা যাবে না। একই সঙ্গে এই ঘটনার জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারকে দায়ী করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দেন তিনি।

বিশ্বজিৎ দাসকে গুলি করার অভিযোগ উঠেছে রতন শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর দাবি, রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তাঁকে ‘কুখ্যাত অপরাধী’ বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পরেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই ধরনের অপরাধীদের একাংশ আগের সরকারের আমলে রাজনৈতিক প্রশ্রয়ে তৈরি হয়েছে এবং তারা ভোট লুটের মতো কাজের সঙ্গে যুক্ত ছিল।

এ দিন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ এনকাউন্টারের পথে হাঁটবে কি না। জবাবে শুভেন্দু বলেন, রতন শেখের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর বক্তব্য, পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে। পুলিশকে দেওয়া আগ্নেয়াস্ত্র শুধু বহন করার জন্য নয়, প্রয়োজন হলে তা ব্যবহার করার জন্যও। খুনি, দুষ্কৃতী ও ধর্ষকদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা পুলিশ পরিস্থিতি বুঝে ঠিক করবে।

পূর্ববর্তী সরকারের আমলে অপরাধীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলাতে সময় লাগবে। তাঁর কথায়, আগের সরকারের তৈরি করে যাওয়া অপরাধের পরিবেশ এক দিনে দূর করা সম্ভব নয়। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সেই পরিস্থিতি পরিষ্কার করার কাজ চলছে।


আহত কনস্টেবলের সাহসিকতার স্বীকৃতি হিসেবেও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপাতত বিশ্বজিৎ দাসকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সরকারি স্তরে তাঁকে আরও কীভাবে সম্মানিত করা যায়, তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, পুলিশের কোনও কর্মীর উপর হামলা হলে সরকার তাঁর পাশে থাকবে।

অন্যদিকে, অভিযুক্ত রতন শেখকে গ্রেপ্তারের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ তাকে খুঁজছে এবং দ্রুত হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। তবে গোটা প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন হবে বলে ফের স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনার পর পুলিশকর্মীদের নিরাপত্তা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বজিৎ দাসের চিকিৎসার পাশাপাশি অভিযুক্তের সন্ধানে পুলিশের তৎপরতার দিকেও নজর রয়েছে।

Related posts

Leave a Comment