কলকাতা — ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’য় আরও সাত লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার প্রত্যেক উপভোক্তা ৬০ হাজার টাকা করে পাবেন। নবান্ন সভাঘরে অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি বই প্রকাশিত হবে। সেই বইয়ে মুখ্যমন্ত্রীর লেখাও থাকবে।
কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্যের নিজস্ব অর্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার পরিবারকে বাড়ি তৈরির আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ১২ লক্ষ উপভোক্তা আগের সরকারের আমলেই দু’দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিলেন।
বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার উপভোক্তা প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পাওয়ার পর রাজ্যে সরকার পরিবর্তন হয়। ক্ষমতায় এসে বিজেপি সরকার প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ করে। নতুন সরকারের আমলে ইতিমধ্যেই ১০ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। শুক্রবার আরও সাত লক্ষ পরিবার সেই সুবিধা পেতে চলেছে।
তবে বাকি উপভোক্তাদের সকলেই এখনই টাকা পাচ্ছেন না। প্রশাসন সূত্রে খবর, তাঁদের মধ্যে ৪০ হাজারের বেশি মানুষের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি কয়েক জনের বাড়ি তৈরির কাজ প্রথম পর্যায়ে প্রত্যাশিত গতিতে এগোয়নি। তাই তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
আবাস প্রকল্পের পাশাপাশি বাড়ি তৈরির কাজে যুক্ত উপভোক্তাদের জন্য আরও একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাঁদের বৈধ জবকার্ড রয়েছে এবং যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে, তাঁরা জিরামজি প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের শ্রমের মজুরি পেতে পারেন।
প্রশাসনিক কর্তাদের বক্তব্য, বাড়ি তৈরির সময় উপভোক্তারা নিজেরাই বিভিন্ন কাজে শ্রম দেন। এত দিন সেই শ্রমের জন্য আলাদা মজুরি পাওয়ার সুযোগ ছিল না। নতুন সিদ্ধান্তে তাঁদের অদক্ষ শ্রমিকের নির্ধারিত হারে মজুরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েতের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি জিরামজি প্রকল্পে আরও বেশি কর্মদিবস তৈরির উপরেও জোর দেন তিনি। সেই বৈঠকেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার আরও সাত লক্ষ উপভোক্তার কাছে টাকা পৌঁছনোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
previous post
